ফিক্সড ডিপোজিটে ৮.৫% পর্যন্ত সুদ, জেনেনিন কোন কেন ব্যাঙ্ক দিচ্ছে এই দুর্দান্ত অফার?

দেশের বেশিরভাগ বড় ব্যাঙ্কগুলিতে ফিক্সড ডিপোজিটে (FD) সুদের হার কমানো হয়েছে, যা স্থায়ী আয়ের ওপর নির্ভরশীল বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তবে এই পরিস্থিতিতেও কিছু স্মল ফিনান্স ব্যাঙ্ক এখনও আকর্ষণীয় সুদের হার অফার করছে, বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য। ৬০ বছরের বেশি বয়সী নাগরিকরা তিন বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৮.৫ শতাংশ পর্যন্ত সুদ পেতে পারেন, যা তাঁদের জন্য একটি ভালো বিনিয়োগের বিকল্প হতে পারে। তবে, এই উচ্চ সুদের সুবিধা ৩ কোটি টাকা পর্যন্ত আমানতের ক্ষেত্রে প্রযোজ্য।

কোন ব্যাঙ্কে কত সুদ?

চলুন দেখে নেওয়া যাক, কোন কোন স্মল ফিনান্স ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য তিন বছরের FD-তে উচ্চ সুদের হার দিচ্ছে:

উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্ক (Utkarsh Small Finance Bank): তিন বছরের মেয়াদের FD-তে প্রবীণ নাগরিকরা ৮.৫ শতাংশ পর্যন্ত সুদ পাবেন। এটি বর্তমানে উপলব্ধ সুদের হারের মধ্যে অন্যতম সর্বোচ্চ।

জনা স্মল ফিনান্স ব্যাঙ্ক (Jana Small Finance Bank): এই ব্যাঙ্কে তিন বছরের FD-তে প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৮.২৫ শতাংশ।

স্লাইস স্মল ফিনান্স ব্যাঙ্ক (slice Small Finance Bank): স্লাইস স্মল ফিনান্স ব্যাঙ্কেও তিন বছরের মেয়াদের FD-তে প্রবীণ নাগরিকরা ৮.২৫ শতাংশ হারে সুদ পাবেন।

সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক (Suryoday Small Finance Bank): সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্কে তিন বছরের FD-তে প্রবীণ নাগরিকদের জন্য সুদের সুবিধা হলো ৮.১৫ শতাংশ।

টিডিএস এবং কর ছাড়ের সুবিধা

FD থেকে বার্ষিক সুদের পরিমাণ যদি ১ লক্ষ টাকা ছাড়িয়ে যায়, শুধুমাত্র সেই ক্ষেত্রেই উৎসস্থলে কর (TDS) কাটা বাধ্যতামূলক হয়। তবে, টিডিএস কোনো আলাদা কর নয়। বার্ষিক আয়ের হিসেব দিয়ে আয়কর রিটার্ন (ITR) জমা দিলে এই টিডিএস ফেরত পাওয়া যায় অথবা মোট করের সঙ্গে অ্যাডজাস্ট করা যায়।

নতুন কর ব্যবস্থা (FY 2025-26) অনুযায়ী, যদি কোনো প্রবীণ নাগরিকের বার্ষিক আয় ১২ লক্ষ টাকার মধ্যে থাকে, সেক্ষেত্রে ৮৭এ ধারায় সম্পূর্ণ কর ছাড় পাওয়া যাবে। পুরনো কর ব্যবস্থায় এই সীমা ছিল ৫ লক্ষ টাকা।

যদি কারও মোট আয় করযোগ্য সীমার নিচে থাকে, তবে ফর্ম ১৫এইচ (Form 15H) জমা দিলে টিডিএস কাটা হবে না। তাই, বিনিয়োগের আগেভাগে ফর্ম ১৫এইচ জমা দেওয়াই বুদ্ধিমানের কাজ।

বিনিয়োগে সতর্কতা: মনে রাখবেন এই বিষয়গুলি

স্মল ফিনান্স ব্যাঙ্কগুলিতে রাখা আমানতও DICGC (Deposit Insurance and Credit Guarantee Corporation)-এর অধীনে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমাকৃত থাকে। অর্থাৎ, কোনো কারণে ব্যাঙ্ক দেউলিয়া হলেও আপনার ৫ লক্ষ টাকা পর্যন্ত আমানত সুরক্ষিত থাকবে।

তবে, বিশেষজ্ঞদের পরামর্শ, এই ধরনের স্মল ফিনান্স ব্যাঙ্কগুলিতে FD করার সময় কিছুটা সতর্ক থাকা উচিত। এই ব্যাঙ্কগুলির ব্যবসার ধরন কিছুটা আলাদা এবং ঝুঁকিও কিছুটা বেশি হতে পারে। তাই, চেষ্টা করুন DICGC-এর ৫ লক্ষ টাকার সীমার মধ্যেই বিনিয়োগ করার। তাতে আপদকালীন পরিস্থিতিতেও আপনার মূলধন এবং সুদের সিকিউরিটি বজায় থাকবে।

(দ্রষ্টব্য: এই প্রতিবেদনটি শুধুমাত্র বাজার পর্যবেক্ষণ এবং তথ্যের জন্য। এটি কোনোভাবেই বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বিনিয়োগের আগে অবশ্যই ভালো করে গবেষণা করুন এবং একজন বিশেষজ্ঞ আর্থিক উপদেষ্টার সাহায্য গ্রহণ করুন।)