হাত ধরে দাঁড়িয়েছিল! ট্রেন আসতেই ধীর পায়ে এগিয়ে গেল যুগল, মুহূর্তেই সব শেষ

বনগাঁ-শিয়ালদহ শাখার বিরাটি ও দুর্গানগর স্টেশনের মাঝামাঝি রেললাইন থেকে এক যুগলের দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মঙ্গলবার রাতে স্থানীয় বাসিন্দারা এই যুগলের ছিন্নভিন্ন দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। রেল পুলিশ ইতিমধ্যেই দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। তবে মৃতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়দের বয়ান অনুযায়ী, ট্রেন আসার অনেক আগে থেকেই ওই যুগল হাত ধরাধরি করে রেললাইনের উপর দাঁড়িয়ে ছিলেন। ডাউন লাইনে ট্রেন আসতে দেখে তাঁরা ট্রেনের সামনে চলে যান এবং মুহূর্তেই তাঁদের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। এই ঘটনা আত্মহত্যা বলেই প্রাথমিক অনুমান করছেন প্রত্যক্ষদর্শীরা।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, “আমি দেখলাম হাত ধরে দুর্গানগরের দিকে রেললাইনে উঠল। একজন মহিলা আর একজন লোক ছিল। তবে ওরা স্বামী-স্ত্রী কিনা জানি না। কিছু সময়ের মধ্যেই ট্রেন এসে গেল। পরে সবার মুখে শুনলাম কাটা পড়েছে। তবে এদের আগে কখনও এখানে দেখিনি। এই এলাকার নয় বলেই মনে হয়।”
যদিও পুলিশ এখনও আত্মহত্যা নাকি খুন, তা নিয়ে ধন্দে রয়েছে। ঘটনার রহস্য উন্মোচনে এলাকায় জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। একইসঙ্গে, মৃতদের পরিচয় এবং পরিবারের খোঁজ চালানোর উপর জোর দিয়েছে রেল পুলিশ। মনে করা হচ্ছে, মৃতদের পরিচয় নিশ্চিত হলে তবেই এই মামলার তদন্তে গতি আসবে এবং মৃত্যুর আসল কারণ জানা সম্ভব হবে।
এই ঘটনাকে ঘিরে এলাকায় শোকের পাশাপাশি এক ধরনের রহস্য দানা বেঁধেছে। স্থানীয়রা দ্রুত ঘটনার নেপথ্যের কারণ উন্মোচনের দাবি জানিয়েছেন।