‘ম্যায় হু না…’, ফের পুরোনো মেজাজে ফিরলেন দিলীপ! বললেন, ‘কারওর সার্টিফিকেট চাইনি’

ম্যায় হু না…’ – এই কথাটার আক্ষরিক বাংলা করলে দাঁড়ায়, ‘তিনি আছেন, তাই চিন্তার নেই।’ মাস কয়েক আগের দিলীপ ঘোষের ছবির সঙ্গে বর্তমান মন্তব্যের যেন বিস্তর ফারাক। যখন শমীক ভট্টাচার্য দলের শীর্ষ পদে আসীন হয়েছিলেন, তখন দিলীপকে দেখা গিয়েছিল একরকম ‘ডুগডুগি’ বাজাতে। তবে একাংশের মতে, সেই ডুগডুগি তিনি নিজের জন্য নয়, বরং দলের অন্য নেতাদের উদ্দেশ্যেই বাজিয়েছিলেন। কারণ, দিলীপ আবার ফিরছেন, বা বলা ভালো, ফিরে গিয়েছেন তাঁর পুরনো মেজাজে।
মঙ্গলবার সেই সূত্র ধরেই নাম না করে রাজ্য বিজেপির বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ শানালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি স্পষ্ট বলেন, “আমি কারওর সার্টিফিকেট চাইনি। কাউকে ওড়াতেও চাই না। আমার আমলেই এরা আমার কাছে এসেছিলেন। তাদের নিয়ে পার্টি কাজ করে এগিয়েছে। এখন প্রশ্ন উঠছে দল তাহলে এখন এগোচ্ছে না কেন? সেই উত্তর খুঁজতে হবে।”
এরপরই দিলীপের সংযোজন, “দিলীপ ঘোষ তৈরি রয়েছে। রাস্তায় রয়েছে। কর্মীদের মাঝে রয়েছে। যে কাজ আমায় দেওয়া হয়েছিল, তা আমি করেছি। এখন সুস্থ সবল রয়েছি। দল যে ভাবে ব্যবহার করবে, সে রকম ভাবেই কাজ করব। ম্যায় হু না।”
উল্লেখ্য, এই দিলীপ ঘোষ যেন তাঁর একেবারে পুরনো রূপেই ফিরে এসেছেন। যে দিলীপের ধ্যান-জ্ঞান ছিল শুধুই দল। কিন্তু মাঝের একটা পর্ব ছিল ভিন্ন। একাংশের মতে, সেই সময় দলের সঙ্গে দিলীপের একটা দূরত্ব তৈরি হয়েছিল। সেই দূরত্ব নাকি মিটিয়েছেন নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। দিল্লিতে গিয়ে ‘চেয়ার না পাওয়া’ নিয়ে আক্ষেপ প্রকাশ করা দিলীপ এবার ফের প্রথম সারিতে। আর পুরনোদের সামনে বসানোর বার্তা তো খোদ বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও দিয়েছেন। দিলীপের এই নতুন মেজাজ রাজ্য বিজেপির অন্দরে কী প্রভাব ফেলে, সেটাই এখন দেখার।