পেটের সমস্যা বা ক্লান্তি কি লিভার ক্যান্সারের লক্ষণ? জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ উপসর্গ

গরম নেই, জ্বর নেই, তবুও হঠাৎ করে ক্লান্তি ভর করছে? খিদে কমে যাচ্ছে আর পেট ফুলে যাওয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে? এমন সমস্যাকে অনেকে গ্যাস বা অম্বলের সমস্যা ভেবে হজমের ওষুধ খেয়ে থাকেন। কিন্তু, জানেন কি, এগুলো লিভার ক্যান্সারের প্রাথমিক লক্ষণও হতে পারে? আর সঠিক সময় চিকিৎসা না করলে এই রোগ ভয়াবহ আকার নিতে পারে। তাই সময় থাকতে সতর্ক হওয়া জরুরি। আজ জেনে নিন লিভার ক্যান্সারের কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ, যা আর উপেক্ষা করা উচিত নয়।

লিভার ক্যান্সারের সম্ভাব্য লক্ষণসমূহ:
১. পেটের ডান দিকে অস্বস্তি বা ব্যথা:
পেটের ডান দিকে অস্বস্তি বা ব্যথা হলে তা উপেক্ষা করা উচিত নয়। লিভার ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে পেটের ডান দিকে হালকা ব্যথা বা চাপ অনুভব হতে পারে। কখনও তা পিঠেও ছড়াতে পারে। অনেকেই এটিকে গ্যাসের ব্যথা ভেবে ভুল করেন।

২. ওজন কমে যাওয়া:
বিনা কারণে ওজন কমে যাওয়া মোটেও স্বাভাবিক নয়। যদি হঠাৎ করে আপনার ওজন কমে যায়, তাহলে সতর্ক হন এবং চিকিৎসকের পরামর্শ নিন। এই রোগ শরীরে বাসা বাঁধলে পেশি ক্ষয় হয় এবং এর সঙ্গে খিদেও কমতে শুরু করে।

৩. পেট ফুলে থাকা বা জল জমা:
লিভার ক্যান্সারের আরও একটি লক্ষণ হল পেট ফুলে থাকা বা জল জমা। এই রোগ হলে শরীরে প্রোটিনের ঘাটতি হয়, ফলে পেটে জল জমতে শুরু করে। এই সমস্যা গ্যাসের মতো মনে হলেও তা ক্যান্সারের লক্ষণ হতে পারে।

৪. চোখ ও চামড়ায় হলুদ ভাব:
লিভার যদি সঠিকভাবে কাজ করতে না পারে, তাহলে বিলিরুবিন জমতে শুরু করে। এর ফলে চোখ ও চামড়ায় হলুদ ভাব দেখা যায়, যাকে জন্ডিস বলে। অনেক সময় প্রস্রাবের রঙও হলুদ হয়ে যায়।

৫. ক্লান্তি ভাব:
লিভার ক্যান্সারের আরও একটি লক্ষণ হল অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা। ক্যান্সার শরীরের কোষগুলোকে দুর্বল করে দেয়, যার প্রভাবে সারাক্ষণ ক্লান্তি অনুভূত হয়।

তাই সময় থাকতে সচেতন হন। এই কয়েকটি সমস্যা গ্যাসের ব্যথা ভেবে উপেক্ষা করবেন না, কারণ অজান্তেই আপনার শরীরে বাসা বাঁধতে পারে লিভার ক্যান্সার। রোগটি গুরুতর আকার ধারণ করার আগেই চিকিৎসকের পরামর্শ নিন। এতে উপকার মিলবে এবং জটিলতা এড়ানো সম্ভব হবে।