চিপসের প্যাকেট কেন অর্ধেক খালি থাকে? জেনে নিন অজানা কারণ!

ফাস্টফুড প্রেমীদের কাছে চিপস এক প্রিয় নাম। নানান স্বাদের, আকারের চিপসের প্রতি আকর্ষণ যেন কখনোই কমে না। তবে চিপস কেনার সময় একটি প্রশ্ন প্রায় সবার মনেই আসে – দেশি হোক বা বিদেশি, যত দামি ব্র্যান্ডেরই চিপস হোক না কেন, প্যাকেট কখনোই সম্পূর্ণ ভরা থাকে না। প্রতিটি চিপসের প্যাকেটই কেন অর্ধেক খালি থাকে? এর পেছনে রয়েছে খুবই যুক্তিযুক্ত কারণ।

কেন চিপসের প্যাকেট অর্ধেক খালি থাকে?
চিপস তৈরির প্রতিষ্ঠানগুলো ইচ্ছাকৃতভাবেই প্যাকেজিংয়ের সময় প্যাকেটের অর্ধেক অংশ চিপস দ্বারা পূর্ণ করে বাকি অর্ধেক খালি রাখে। এর প্রধান কারণ হলো, যদি প্যাকেট চিপস দ্বারা সম্পূর্ণ ভরা থাকত, তবে প্যাকেটের সব চিপস ভেঙে গুঁড়োগুঁড়ো হয়ে যেত।

চিপস তৈরির কারখানা থেকে শুরু করে তা বিভিন্ন হাত ও অনেক পথ পাড়ি দিয়ে দোকানে পৌঁছায়। এত দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার সময় প্যাকেটে থাকা একটি চিপসও আস্ত থাকত না। ক্রেতাদের খুশি রাখার জন্য যদি চিপস তৈরির প্রতিষ্ঠানগুলো প্যাকেট ভরা চিপস বিক্রিও করত, সেটা কেনার সময় দেখা যেত প্যাকেট ভরা চিপস নয়, আছে শুধুই চিপসের গুঁড়ো। তাই চিপসগুলিকে অক্ষত রাখতে এই পদ্ধতি অবলম্বন করা হয়।

চিপসের প্যাকেটে এত বাতাস থাকে কেন?
অনেকেই আক্ষেপ করেন যে, চিপসের প্যাকেটে চিপসের চেয়ে বাতাসই বেশি থাকে। এই বাতাসটি আসলে নাইট্রোজেন গ্যাস। চিপস মুচমুচে ও সতেজ রাখার জন্যই চিপসের প্যাকেট নাইট্রোজেন গ্যাস দ্বারা পূর্ণ করা হয়। নাইট্রোজেন গ্যাস ছাড়া চিপস একেবারেই নরম হয়ে যেত।

১৯৯৪ সালে কিছু বিজ্ঞানী আবিষ্কার করেন যে, নাইট্রোজেন গ্যাসের সংস্পর্শে প্যাকেটজাত চিপস একদম মচমচে ও সতেজ থাকে। শুধু তাই নয়, কিছু চিপসের ক্ষেত্রে নাইট্রোজেন গ্যাস স্বাদও বাড়িয়ে দিয়েছে। চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস মূলত এই কারণেই ব্যবহার করা হয়। এছাড়া চিপসের প্যাকেটে গ্যাস থাকার ফলে প্যাকেটজাত চিপসগুলো পরিবহনের সময় সুরক্ষিতও থাকে।

চিপস কেনার সময় যদি এই বিষয়গুলো নিয়ে আপনার মনে খুঁতখুঁত করে, তবে জেনে রাখুন, চিপসের প্যাকেটে চিপসের নেট ওজন (net weight) লিখে দেওয়া থাকে, যা প্যাকেটের ভেতরে থাকা চিপসের প্রকৃত ওজন প্রকাশ করে, পুরো প্যাকেটের নয়। তাই ওজনের দিক থেকে আপনি ঠকছেন না।