সকালে খালি পেটে চা? অজান্তেই ডেকে আনছেন মারাত্মক বিপদ!

ঘুম ভাঙতেই এক কাপ গরম চায়ে চুমুক না দিলে যেন দিন শুরুই হয় না অনেকের। চা ছাড়া সকালটা যেন পানসে মনে হয়। কিন্তু, সকালে খালি পেটে এই চা পান করার অভ্যাস আপনার শরীরের জন্য কতটা ক্ষতিকর, তা কি কখনও ভেবে দেখেছেন? চা নিঃসন্দেহে একটি আরামদায়ক পানীয় এবং এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা ও হজমশক্তি বাড়াতে সাহায্য করে। তবে, প্রতিদিন সকালে খালি পেটে চা পান করলে তা আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে।

কী কী সমস্যা হতে পারে?
সকালে খালি পেটে চা পান করলে পেটের সমস্যা, অ্যাসিডিটি, বদহজম এবং হজমশক্তি নষ্ট হওয়ার মতো ঘটনা ঘটতে পারে। জেনে নিন এর কয়েকটি গুরুতর দিক:

মাথাব্যথা: অনেকেই মাথাব্যথা কমাতে চা পান করেন, কিন্তু এর পেছনের কারণ হতে পারে চায়ের ক্যাফিন। খালি পেটে ক্যাফিন গ্রহণ করলে তা মাথাব্যথার কারণ হতে পারে। রাতে ঘুমানোর আগে পর্যাপ্ত পরিমাণে জল পান করলে এই সমস্যা কিছুটা কমানো যেতে পারে।

বদহজম এবং ডিহাইড্রেশন: খালি পেটে চা পান করলে পরিপাকতন্ত্রে গ্যাস তৈরি হতে পারে, যা বদহজমের কারণ। এছাড়াও, চা একটি মূত্রবর্ধক পানীয়। এটি ঘন ঘন প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে জল বের করে দেয়, যা জলশূন্যতা বা ডিহাইড্রেশনের কারণ হতে পারে। ঘন ঘন জল পান করে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

পুষ্টি শোষণে বাধা: চায়ের মধ্যে ট্যানিন নামক একটি উপাদান থাকে, যা খাদ্য থেকে আয়রন শোষণে বাধা দেয়। এছাড়াও, ক্যাফিন বিভিন্ন পুষ্টি উপাদানের শোষণ কমিয়ে দিতে পারে। এর ফলে দীর্ঘ মেয়াদে শরীরে পুষ্টির অভাব দেখা দিতে পারে।

অ্যাসিডিটি: খালি পেটে চা পান করলে পাকস্থলীর অ্যাসিড-বেস এবং ক্ষারীয় ভারসাম্যে ব্যাঘাত ঘটে, যা অ্যাসিডিটির প্রধান কারণ। অ্যাসিড রিফ্লাক্সের কারণে বুকে ব্যথা অনুভব হতে পারে, যা আসলে বুকজ্বালা (হার্টবার্ন) নাম পরিচিত। এই বুকজ্বালা খালি পেটে চা পান করার ফলে পাকস্থলীতে অ্যাসিডের প্রতিক্রিয়ারই একটি অংশ।

উচ্চ রক্তচাপের রোগীদের জন্য বিশেষ সতর্কতা
বিশেষজ্ঞরা বলছেন, বেশিরভাগ সময়েই অনেকে মানসিক চাপ বা টেনশন কমাতে সকালে চা পান করে। কিন্তু, এমনটা করলে শারীরিক সমস্যা ক্রমশ বাড়তে পারে। যারা উচ্চ রক্তচাপ-এর সমস্যায় ভুগছেন, তাদের সকালে খালি পেটে চা পান করা একদমই উচিত নয়, বিশেষ করে দুধ চা। চায়ের ক্যাফিন রক্তচাপ আরও বাড়িয়ে দিতে পারে, যা উচ্চ রক্তচাপের রোগীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।