ভেজা চুল নিয়ে ঘুমানো? অজান্তেই যে ৫ উপায়ে আপনার চুলের সর্বনাশ করছেন!

দুপুরে স্নান করে চুল শুকানোর অভ্যাস বদলে গেছে অনেকেরই। দিনের প্রায় পুরো সময় অফিসে কাটাতে হয় বলে স্নানের পর্ব রাতে সেরে নিতে হয়। দিনশেষে ক্লান্তি জেঁকে বসলে স্নানের পরে ঘুমিয়ে পড়তে মন চায়। ক্লান্তি কাটাতে কিংবা সতেজ হতে সাহায্য করে স্নান, কিন্তু আপনি যদি ভেজা চুলে ঘুমাতে চলে যান, তবে কিছু মারাত্মক সমস্যা দেখা দিতে পারে। ভেজা চুল নিয়ে ঘুমাতে গেলে চুলের কোন ক্ষতিগুলো হতে পারে, তা জেনে নিন:

১. চুলে জট পড়া
নিয়মিত ভেজা চুলে ঘুমাতে যাওয়ার অভ্যাস করলে চুলে মারাত্মক জট পড়তে পারে। কারণ ভেজা চুল বেঁধে ঘুমানো সম্ভব নয়, ফলে চুল খোলা রেখেই ঘুমাতে যেতে হয়। এ কারণে সকালে চুলে জট পড়া খুব স্বাভাবিক। সেই জট ছাড়াতে গিয়ে আবার চুল পড়া বা ছিঁড়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। তাই ভেজা চুলে ঘুমাতে যাওয়ার অভ্যাস বন্ধ করা জরুরি।

২. চুল ভেঙে যাওয়া
আমাদের চুল ভেজা অবস্থায় সবচেয়ে দুর্বল থাকে। এ সময় সহজেই ভেঙে যেতে পারে বা পড়ে যেতে পারে। তাই ভেজা অবস্থায় চুল আঁচড়ানোও ঠিক নয়। ভেজা চুল নিয়ে ঘুমাতে গেলে বালিশের সঙ্গে ঘষা লেগে চুল ভেঙে যেতে পারে। ফলে চুল প্রাণহীন ও রুক্ষ হয়ে পড়ে।

৩. ফাঙ্গাল ইনফেকশন দেখা দেওয়া
ভেজা চুল নিয়ে ঘুমাতে গেলে যেসব ক্ষতি হয়, তার মধ্যে অন্যতম হলো ফাঙ্গাল ইনফেকশন। মাথার ত্বক ও চুল ভেজা থাকার কারণে ঘুমানোর সময় বালিশের কাপড়েই তা শুকায়। ফলে মাথার ত্বকে বাসা বাঁধে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, দেখা দেয় একাধিক ফাঙ্গাল ইনফেকশন। খুশকি এবং চুল পড়ে যাওয়ার সমস্যাও শুরু হয় সেখান থেকে।

৪. ঠান্ডা লাগার সমস্যা
যাদের ঠান্ডা লাগার সমস্যা আছে, তারা ভেজা চুলে ঘুমাতে যাওয়ার অভ্যাস বন্ধ করুন। কারণ এই অভ্যাসের কারণে সহজেই ঠান্ডা লেগে যেতে পারে। সেখান থেকে হতে পারে সর্দি, কাশি ইত্যাদি। মাথা যন্ত্রণা বা মাথা ধরার সমস্যা দেখা দেওয়াও অস্বাভাবিক নয়। তাই ঠান্ডার সমস্যা থেকে বাঁচতে এই অভ্যাস বাদ দিন।

৫. চুলের দুর্গন্ধ
ভেজা চুল দীর্ঘক্ষণ বাঁধা থাকলে বা সঠিকভাবে না শুকিয়ে ঘুমালে চুলের গোড়ায় স্যাঁতস্যাঁতে পরিবেশ তৈরি হয়, যা ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য অনুকূল। এর ফলে চুল থেকে এক ধরনের অপ্রীতিকর দুর্গন্ধ বের হতে পারে।

আপনার করণীয়:
স্নানের সময় পরিবর্তন: সম্ভব হলে রাতে স্নানের অভ্যাস বাদ দিন। অন্তত চুল ভেজানো থেকে বিরত থাকুন। হালকা গরম জলে হাত-পা ও শরীর ধুয়ে নিলে কিছুটা সতেজ অনুভব করবেন।
সকালে বা সন্ধ্যায় স্নান: যদি সম্ভব হয়, তবে সকালে কিংবা সন্ধ্যার দিকে স্নান সেরে চুল দ্রুত শুকিয়ে নিন। কোনোভাবেই ভেজা চুল নিয়ে ঘুমাতে যাবেন না। প্রয়োজনে হেয়ার ড্রায়ার ব্যবহার করতে পারেন, তবে খুব বেশি গরম তাপ ব্যবহার করা থেকে বিরত থাকুন।
সিল্কের বালিশের কভার: অনেকে আরামের জন্য বালিশে সুতির কভার ব্যবহার করেন। তবে চুল ভালো রাখতে চাইলে সুতির বদলে ব্যবহার করুন সিল্কের কভার। এতে চুলে তুলনামূলক কম ঘষা লাগবে, ফলে চুল ছিঁড়ে কিংবা পড়ে যাওয়ার ভয় কমবে এবং চুল মসৃণ থাকবে।