শিশুর খিটখিটে স্বভাব: বুঝুন এবং সামলান সহজ উপায়ে

শিশুর মন বোঝা অনেক সময়ই কঠিন মনে হয়। বড়দের থেকে তারা একেবারেই আলাদা। শিশুরা এক মুহূর্তে রেগে যায় আবার পরক্ষণেই হেসে ওঠে। কিছু শিশু আছে যাদের মেজাজ বেশিরভাগ সময়ই খিটখিটে থাকে, তারা সারাক্ষণই বাবা-মাকে জ্বালাতন করতে থাকে। কিন্তু কীভাবে তাদের মেজাজ ভালো করা যায়, তা অনেক বাবা-মা বুঝতে পারেন না। এমন খিটখিটে শিশুর কারণে অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলেন বড়রাও।

তবে শিশুর এই খিটখিটে স্বভাব দূর করতে আপনাকেকেই সচেষ্ট হতে হবে। তাদের চাওয়া মাত্রই সবকিছু দিয়ে দেওয়া ঠিক নয়। বরং যেকোনো কাজের প্রতি তাদের আগ্রহ বাড়ানোর জন্য আপনাকে চেষ্টা করতে হবে। শিশুর সমস্যা বুঝে সমাধান করা জরুরি, কারণ এভাবে সে বড় হতে থাকলে একটা সময় সবার সঙ্গেই তার সম্পর্ক খারাপ হতে পারে। চলুন জেনে নেওয়া যাক শিশুর খিটখিটে স্বভাব দূর করার কয়েকটি উপায়:

শিশুর সঙ্গে কথা বলুন
শিশুর সঙ্গে আপনার যোগাযোগ বাড়ানো অত্যন্ত জরুরি। তাদের সঙ্গে সময় নিয়ে কথা বলুন এবং মন খুলে আলোচনা করুন। তাদের বিক্ষিপ্ততার কারণ জানার চেষ্টা করুন। অনেক সময় শিশুরা কোনো বিষয়ে হতাশ হয়ে গেলে ধৈর্য হারিয়ে ফেলে এবং তখন অল্পতেই রেগে যায় বা মেজাজ হারিয়ে ফেলে। তাই তাদের সমস্যা আগে জানুন, তারপর তার সমাধানে মন দিন।

শিশুর সঙ্গে খেলা করুন
শিশুর সঙ্গে বিভিন্ন খেলার অভ্যাস গড়ে তুলুন। প্রতিদিন আপনার দিনের কিছুটা সময় তাদের জন্য বরাদ্দ রাখুন। শিশুর মনোযোগ বা একাগ্রতা বাড়াতে তার সঙ্গে ছোট ছোট খেলা খেলতে পারেন। এক্ষেত্রে পাজল একটি দুর্দান্ত উপকরণ হতে পারে। পাশাপাশি এ জাতীয় অন্যসব খেলাও বেছে নিতে পারেন। খেলার মাধ্যমে শিশুরা নিজেদের আবেগ প্রকাশ করতে শেখে এবং ধীরে ধীরে শান্ত হয়।

শিশুকে বুঝতে চেষ্টা করুন
আপনার শিশুকে বোঝার চেষ্টা করুন। সে কী চায়, সেদিকে খেয়াল রাখুন। তার খাওয়া এবং ঘুমের দিকে বিশেষ নজর দিন। অনেক সময় শিশুর শারীরিক অসুস্থতাও তার ধৈর্যহীনতার কারণ হতে পারে। তাই শিশুর শারীরিক ও মানসিক সুস্থতার দিকে খেয়াল রাখা জরুরি। এতে তার খিটখিটে স্বভাব দূর করা সহজ হবে এবং সে একটি সুস্থ ও শান্ত জীবনযাপন করতে শিখবে।