কিছু মানুষ যাদের থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ, শান্তিপূর্ণ জীবনের মূলমন্ত্র

আমাদের সমাজে নানা ধরনের মানুষের বাস। তাদের সঙ্গে আমাদের সম্পর্কগুলোই জীবনকে সুখ ও শান্তিতে ভরিয়ে তোলে। তবে কিছু সম্পর্ক এতটাই বিষাক্ত হতে পারে যে তা জীবনে শুধু অশান্তিই ডেকে আনে। এমন কিছু মানুষ আছে যাদের এড়িয়ে চলতে পারলে আপনার জীবন আরও শান্তিপূর্ণ হবে। এক নজরে দেখে নিন, কোন ধরনের মানুষদের থেকে দূরে থাকা উচিত।
সব মানুষের প্রতি ঘৃণাভাব
কিছু মানুষ স্বভাবতই সবার প্রতি ঘৃণা পোষণ করে। সুযোগ পেলেই তারা সমালোচনায় মেতে ওঠে এবং পৃথিবীর সবকিছু নিয়েই তাদের সমস্যা। এদের কাছ থেকে ইতিবাচক কিছু আশা করা প্রায় অসম্ভব। তাই বুদ্ধিমানের কাজ হলো এমন মানুষদের থেকে দূরে থাকা।
ঋণের প্রবণতা বেশি
এক শ্রেণির মানুষ আছে যারা নির্লজ্জের মতো অন্যের উপর অত্যধিক নির্ভরশীল হয় এবং কথায় কথায় অন্যের কাছে হাত পাতে। দুঃখজনকভাবে, এরা ঋণ পরিশোধের কথা বেমালুম ভুলে যায়। এমন মানুষের কাছ থেকে প্রতারণা ছাড়া আর কিছুই আশা করা যায় না। তাই এদের এড়িয়ে চলুন।
শুধু ভুল খোঁজে
কিছু মানুষ নিজেরা ভুল করে না, এমন ভাব দেখিয়ে অন্যের ভুলত্রুটি খুঁজে বেড়াতে ব্যস্ত থাকে। এদের সঙ্গে থাকলে আপনি শুধু হতাশাই পাবেন। নিজের মানসিক শান্তি বজায় রাখতে এদের সঙ্গ ত্যাগ করা ভালো।
সুসময়ের বন্ধু
কিছু মানুষ শুধু নিজেদের প্রয়োজনে আপনাকে পাশে রাখবে, কিন্তু আপনার বিপদে তাদের টিকিটিও খুঁজে পাবেন না। এরা শুধু আপনার সুসময়ের সঙ্গী, দুঃসময়ে এরা পিঠ দেখিয়ে কেটে পড়ে। এমন বন্ধুদের থেকে দূরত্ব বজায় রাখুন।
পেছনে কথা বলা
কিছু মানুষের মুখে মধু থাকে, কিন্তু তাদের অন্তরে থাকে বিষ। এরা আপনার সামনে হাসিমুখে কথা বললেও আপনার অনুপস্থিতিতে আপনার নামে নেতিবাচক কথা রটায়। আপনার জীবনে এমন মানুষ থাকলে এখনই সাবধান হন, কারণ এরা আপনার সুনাম ধূলিসাৎ করে দিতে পারে।
কথা বলার সুযোগ না দেওয়া
কিছু মানুষ সব সময় কথা বলতে ভালোবাসে, কিন্তু অন্যের কথা শুনতে নারাজ। এরা আপনাকে বোঝার চেষ্টাও করে না। তাই এমন প্রকৃতির মানুষদের এড়িয়ে চলুন।
তুলনা করে
যে মানুষ প্রতিনিয়ত তার সাবেক সঙ্গীর সঙ্গে আপনার তুলনা করে, তাদের সঙ্গে কখনোই আপনি সুখী হতে পারবেন না। এরা আপনার শান্তি ও আত্মসম্মান নষ্ট করবে। এমন সম্পর্ক থেকে বেরিয়ে আসাই আপনার জন্য ভালো।