গরমে ব্রণ ও ত্বকের সমস্যা, ঘরোয়া উপায়ে মিলবে মুক্তি!

গরমকাল মানেই ত্বকের নানা সমস্যা। ঘামের কারণে ব্রণ, র‍্যাশ, কালচেভাব—এগুলো যেন নিত্যসঙ্গী। বিশেষ করে ব্রণের সমস্যা নারী-পুরুষ উভয়কেই ভোগায়। আর সঠিক যত্ন না নিলে এই সমস্যা আরও বেড়ে যায়। অনেকেই ব্রণ তাড়াতে বাজারচলতি বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেন, যা প্রায়শই হিতে বিপরীত ফল দেয়। তাই আজ জেনে নিন কিছু সহজ ঘরোয়া উপায়, যা ত্বকের ক্ষতি ছাড়াই আপনাকে ব্রণমুক্ত ত্বক পেতে সাহায্য করবে।

ব্রণের সমস্যায় ঘরোয়া সমাধান:
স্ক্রাবিং: ত্বক পরিষ্কারের জন্য স্ক্রাবিং খুবই জরুরি। সমপরিমাণ চিনি ও নারকেল তেল একসঙ্গে মিশিয়ে আলতো করে ত্বকে ঘষুন। কিছুক্ষণ পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের মৃত কোষ দূর করে লোমকূপ পরিষ্কার রাখতে সাহায্য করবে।

অ্যাপেল সিডার ভিনেগার: তিন ভাগ জলের সঙ্গে এক ভাগ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে নিন। এই মিশ্রণটি পরিষ্কার ত্বকে লাগিয়ে মাত্র ২০ সেকেন্ড পর ধুয়ে ফেলুন। এটি ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমায়।

অ্যালোভেরা জেল: অ্যালোভেরা জেল ত্বকের জন্য একটি চমৎকার ময়েশ্চারাইজার। ত্বক পরিষ্কার করার পর সরাসরি অ্যালোভেরা জেল লাগান। দিনে কয়েকবার এটি ব্যবহার করতে পারেন। এর অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য ব্রণ কমাতে কার্যকর।

মধু ও দারচিনি: দুই টেবিল চামচ মধুর সঙ্গে এক চা চামচ দারচিনির গুঁড়া মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এই মিশ্রণটি পরিষ্কার ত্বকে ব্রণের উপর লাগিয়ে ২০ মিনিট রাখুন। এরপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। মধু ও দারচিনি উভয়েরই শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ রয়েছে।

গ্রিন টি: একটি গ্রিন টি ব্যাগ ফুটন্ত জলে ৫ মিনিট রেখে দিন। লিকার ঠাণ্ডা হলে তা দিয়ে আপনার ত্বক ধুয়ে ফেলুন। মুখ মুছবেন না, প্রাকৃতিক বাতাসে শুকাতে দিন। শুকিয়ে গেলে হালকা জলের ঝাপটায় ত্বক ধুয়ে ফেলুন। গ্রিন টি-তে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের প্রদাহ কমাতে ও ব্রণের দাগ হালকা করতে সাহায্য করে।