পুরোনো প্রেমিক/প্রেমিকা স্বপ্নে বারবার আসছেন? এর কারণ কি এখনও ভালোবাসা?

ব্রেকআপের পর নতুন জীবনে পা রাখলেও অনেকের মনেই একটা প্রশ্ন ঘুরপাক খায়— কেন পুরোনো সঙ্গী বারবার স্বপ্নে ফিরে আসে? তাহলে কি এখনও ভালোবাসা রয়ে গেছে? বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি সবসময় তেমন নাও হতে পারে। এর পেছনে থাকতে পারে অন্য কিছু মনস্তাত্ত্বিক কারণ।

কেন প্রাক্তন সঙ্গী স্বপ্নে আসে?
বিশেষজ্ঞদের মতে, প্রাক্তনের স্বপ্নে আসার কয়েকটি সম্ভাব্য কারণ নিচে উল্লেখ করা হলো:

অসম্পূর্ণ কথোপকথন: অনেক সময় ব্রেকআপের সময় ছেড়ে আসার কারণ, ক্ষোভ বা অভিমানের কথাগুলো ঠিক করে প্রাক্তন প্রেমিক বা প্রেমিকাকে বলে ওঠা যায় না। সেই শূন্যতা মনের মধ্যে রয়ে যায়, যার ফলে অবচেতন মন সেই বিষয়গুলো স্বপ্নে তুলে ধরে।

অতীতের ভুল থেকে শিক্ষা: নতুন সম্পর্কের ক্ষেত্রে হয়তো আপনি আগের সম্পর্কের ভুলগুলো করতে চাইছেন না। নতুন ভালোবাসাকে নিজের মতো করে সাজিয়ে নিতে চাইছেন, আর সে কারণেই অতীতের সঙ্গে বারবার বর্তমানকে তুলনা করে ফেলছেন। এই তুলনামূলক বিশ্লেষণই স্বপ্নে প্রাক্তনকে ফিরিয়ে আনতে পারে।

গভীর মানসিক প্রভাব: এমনও হতে পারে আপনি প্রাক্তনের সঙ্গে সম্পর্কে এতটাই গভীরভাবে জড়িয়ে গিয়েছিলেন যে তা আপনার মনকে প্রভাবিত করেছিল। জীবনের কোনো গুরুত্বপূর্ণ সময়ে সেই স্মৃতিগুলো মনে পড়ে এবং অবচেতন মনে প্রতিপালিত হয়ে স্বপ্নেও চলে আসে।

নতুন সম্পর্কের ভয়: অনেক সময় নতুন সম্পর্কের ক্ষেত্রে মনের মধ্যে একটা ভয় কাজ করে। আপনি সেই ভয় কাটিয়ে উঠতে চান, কিন্তু কীভাবে ভুলবেন— এই প্রশ্নই বারবার মনের ভিতরে উঠতে থাকে। সেই মানসিক দ্বন্দ্বের কারণেও স্বপ্নে প্রাক্তনকে বা অতীতের কোনো ঘটনা দেখতে পারেন।

একাকীত্ব: ব্রেকআপের পর নতুন সম্পর্কে জড়ানোর পরও অনেকে অতীতকে ভুলতে পারেন না। একা থাকলে ফেলে আসা জীবনের কথা বেশি করে মনে পড়ে। এই একাকীত্বের অনুভূতিও স্বপ্নে প্রাক্তনকে দেখতে পাওয়ার একটি কারণ হতে পারে।