গ্রীষ্মের অবহেলিত ফল জামরুল, অবিশ্বাস্য স্বাস্থ্যগুণে ভরপুর!

গ্রীষ্মকালে আম, জাম, কাঁঠাল, লিচুসহ নানা লোভনীয় ফলের ভিড়ে জামরুল প্রায়শই অবহেলিত থেকে যায়। রসালো হলেও এর স্বাদ তেমন আকর্ষণীয় না হওয়ায় অনেকেই এই ফল এড়িয়ে চলেন। কিন্তু অনেকেই হয়তো জানেন না, এই সাধারণ ফলটি খেলে শরীরে কী অসাধারণ সব ঘটনা ঘটে!
বিশেষজ্ঞদের মতে, জামরুল আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কার্যকর। মাত্র ১০০ গ্রাম জামরুলে পাওয়া যায় ২২ মাইক্রোগ্রাম ভিটামিন সি, যা শরীরের সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি প্রতি ১০০ গ্রাম জামরুল থেকে প্রায় ২৯ মিলিগ্রাম ক্যালসিয়াম মেলে, যা আমাদের হাড় ও দাঁতের স্বাস্থ্যের জন্য অপরিহার্য। জামরুল খেলে আর কী কী উপকার পেতে পারেন, চলুন জেনে নেওয়া যাক:
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক
বিশেষজ্ঞদের মতে, জামরুলে আছে জামবোসিন নামক একটি উপাদান, যা আমাদের রক্তে স্টার্চ থেকে শর্করা তৈরির প্রক্রিয়াকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এই কারণেই চিকিৎসকরাও ডায়াবেটিস রোগীদের জামরুল খাওয়ার পরামর্শ দেন। এটি রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সহায়তা করে।
হজমশক্তি বৃদ্ধি ও ওজন নিয়ন্ত্রণ
জামরুলে ফাইবারের পরিমাণ বেশি থাকায় এটি খাবার হজম করতে সুবিধা করে। ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে। এমনকি, রসালো এই ফলটি ওজন কমাতেও সাহায্য করে, কারণ এতে ক্যালরি কম এবং জলীয় অংশ বেশি থাকে।
ক্যানসার প্রতিরোধে ভূমিকা
জানলে অবাক হবেন, ছোট্ট এই ফল ক্যানসার নিরাময়েও উপযোগী হতে পারে। এতে ভিটামিন এ ও সি ছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে সক্রিয় যৌগ, যা প্রস্টেট ও স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে। এর অ্যান্টিঅক্সিডেন্ট গুণাবলী শরীরের কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে।
চোখের স্বাস্থ্য ও হাড় মজবুতকরণ
প্রতিদিন জামরুল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং পেটের সমস্যাতেও এটি দারুণ কাজ দেয়। জামরুলে থাকা ভিটামিন এ চোখের স্বাস্থ্যেরও উন্নতি ঘটায়। আগেই বলা হয়েছে, এতে থাকা ক্যালসিয়াম হাড়ের স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, যা হাড়কে মজবুত করতে সাহায্য করে।
জলশূন্যতা রোধ ও পেট ফাঁপা প্রতিরোধ
গরমের এই সময়ে জলশূন্যতাসহ পেট ফাঁপার সমস্যায় অনেকেই ভোগেন। তারা খুব সহজেই এই সমস্যার সমাধান করতে পারেন জামরুল খেয়ে। বিশেষজ্ঞদের মতে, প্রতি ১০০ গ্রাম জামরুলে প্রায় ৯৩ গ্রাম জল থাকে, যা শরীরে আর্দ্রতা বজায় রাখে ও জলশূন্যতা রোধ করে। এছাড়া, জামরুলে পর্যাপ্ত পরিমাণে ডায়াটারি ফাইবার আছে, যা পেট ফাঁপা ও ডায়ারিয়া প্রতিরোধে বিশেষভাবে কাজ করে।