রাত জাগলে বিপদ! অনিদ্রা ডেকে আনতে পারে অকাল মৃত্যু ও মারাত্মক রোগ

রাত গড়িয়ে যায়, তবু ঘুম আসে না—এই সমস্যায় এখন বহু মানুষই ভোগেন। অনিয়ন্ত্রিত জীবনযাপন, দুশ্চিন্তা এবং উদ্বেগ বাড়ার সাথে সাথে এই সমস্যার প্রকোপও দিন দিন বাড়ছে। তবে বিভিন্ন গবেষণা বলছে, এই নিদ্রাহীনতা ডেকে আনতে পারে অকাল মৃত্যু।
বিখ্যাত জার্নাল ‘অ্যাডভান্সেস ইন নিউট্রিশন’-এ প্রকাশিত এক গবেষণাপত্রে বলা হয়েছে, রোজ রাত করে ঘুমাতে যাওয়া ও সকালে দেরি করে ওঠার অভ্যাস থেকে হার্টের অসুখ ও টাইপ-২ ডায়াবেটিসের সম্ভাবনা বহুলাংশে বাড়ে। বিজ্ঞানীরা আরও বলছেন, যাদের ঘুমের ক্ষেত্রে এমন অভ্যাস, তাদের রাতের মেনুতে সচরাচর থাকে মশলাদার এবং গ্লুকোজযুক্ত খাবার, যা স্বাস্থ্যের জন্য আরও ক্ষতিকর।
নিদ্রাহীনতায় শরীরের যত ক্ষতি
ঘুমের সময়ে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ বিশ্রামে থাকে। ফলে পরের দিন আবার কাজ করার জন্য শরীর নতুনভাবে শক্তি পায়। ঘুম যত কম হবে, ততই কম বিশ্রাম হবে শরীরের বিভিন্ন অঙ্গের। এর ফলে ভিতর থেকে শরীর ক্লান্ত হতে থাকবে। টানা এমন চলতে থাকলে ব্যক্তি মানসিকভাবে এবং শারীরিকভাবে দুর্বল হয়ে যেতে পারেন।
এছাড়াও, ঘুমের অভাবে শরীরের ওজন বাড়তে পারে, যা উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের সমস্যার কারণ হতে পারে। দীর্ঘস্থায়ী নিদ্রাহীনতা মানসিক অবসাদকেও ঘিরে ধরতে পারে, যা সামগ্রিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
তাই সুস্থ জীবনযাপন ও দীর্ঘায়ু পাওয়ার জন্য পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি। আপনার ঘুমের অভ্যাস সম্পর্কে সচেতন থাকুন এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন।