শৌচাগারে মোবাইল ফোন: সুস্থতার জন্য কতটা ঝুঁকিপূর্ণ এই অভ্যাস?

বর্তমান সময়ে মোবাইল ফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। অবস্থা এমন যে, হাতে ফোন না থাকলে অনেকেই চোখে অন্ধকার দেখেন, এমনকি বাথরুমে যাওয়ার সময়ও ফোনটা সঙ্গে থাকা চাই। কিন্তু এই অভ্যাস কি সত্যিই স্বাস্থ্যসম্মত? বিশেষজ্ঞরা বলছেন, একদমই না! বিশেষত টয়লেটের কমোডে বসে মোবাইল ঘাঁটা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে।

চিকিৎসকদের মতে, মোবাইলের কভার সাধারণত রাবারের তৈরি হয়, আর এই রাবারেই বাসা বাঁধে যাবতীয় ক্ষতিকারক ভাইরাস ও ব্যাকটেরিয়া। বাথরুমের ফ্লাশ, কল বা দরজার লক ব্যবহারের পর মোবাইলের স্ক্রিনে হাত দিলে সেখানেও দ্রুত ব্যাকটেরিয়া জন্মাতে পারে। এর ফলে টাইফয়েডের মতো গুরুতর অসুখও হতে পারে।

কীভাবে ছড়ায় জীবাণু?
টয়লেটের ভেজা পরিবেশে ব্যাকটেরিয়া দ্রুত বংশবৃদ্ধি করে। সঠিকভাবে হাত না ধোয়া বা টয়লেট ব্যবহারের সময় সেই জায়গায় মোবাইল রাখার ফলে তাতে দ্রুত ছড়িয়ে পড়ে ই.কোলাই, সিগেলা এবং ক্যাম্পাইলোব্যাকটরের মতো ব্যাকটেরিয়া। বিশেষজ্ঞদের মতে, ফোনের টাচস্ক্রিনে গ্যাস্ট্রো এবং স্ট্যাপের মতো ক্ষতিকর ভাইরাসও জন্মাতে পারে।

রোগের ঝুঁকি ও সতর্কতা
সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, টয়লেটে ব্যবহারের পর সেই ফোন আমরা বিছানায় বা ডাইনিং টেবিলেও ব্যবহার করি। চিকিৎসকরা জানাচ্ছেন, মোবাইলে বাসা বাঁধা এই ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়া খাবারের সঙ্গে লালায় মিশে দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে।

এছাড়াও, মোবাইল ফোন ব্যবহার করার সময় যখন গরম হয়ে যায়, তখন ব্যাকটেরিয়ারা তাদের বংশবিস্তার করার জন্য আরও অনুকূল পরিবেশ পায়। এতে শরীরে নানা রোগ বাসা বাঁধতে পারে। তাই বিশেষজ্ঞরা জোর দিয়ে বলছেন, টয়লেটে মোবাইল ব্যবহার করা থেকে সম্পূর্ণ বিরত থাকা উচিত। এই ছোট একটি অভ্যাস পরিবর্তন আপনার স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে বড় ভূমিকা পালন করবে।