শৌচাগারে ফোন? অজান্তেই ডেকে আনছেন মারাত্মক বিপদ!

আজকাল অনেকেরই অভ্যাস, শৌচাগারে যাওয়ার সময় সঙ্গে ফোন নেওয়া। এই নিরীহ অভ্যাসটি আপাতদৃষ্টিতে ছোট মনে হলেও, এর ফলে শৌচাগারে বেশি সময় লাগা এবং অজান্তেই নিজেদের শরীরে কঠিন রোগ ডেকে আনা হতে পারে। চিকিৎসকরা বলছেন, এই অভ্যাস শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।
ঘাড় ও শিরদাঁড়ার ক্ষতি
শৌচাগারে ফোন নিয়ে যাওয়া মানেই আপনার পুরো মনোযোগ ফোনের দিকে। ঘাড় ঝুঁকিয়ে দীর্ঘক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকার ফলে ঘাড় ও শিরদাঁড়ার উপর চাপ পড়ে, যা দীর্ঘমেয়াদে গুরুতর ক্ষতির কারণ হতে পারে।
ব্যাকটেরিয়া-ছত্রাকের সংক্রমণ বৃদ্ধি
শৌচাগার বিভিন্ন ধরনের জীবাণুর আখড়া। সালমোনেলাসহ বহু ব্যাকটেরিয়া ও ছত্রাক শৌচাগারের আর্দ্র পরিবেশে দ্রুত বংশবিস্তার করে। আপনি যখন ফোন নিয়ে সেখানে প্রবেশ করেন, তখন এই জীবাণুগুলো সক্রিয় হয়ে আপনার ফোনেও নিজেদের কলোনি তৈরি করে। পরে ওই ফোন ব্যবহার করলে নানা ধরনের সংক্রমণের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।
ডায়রিয়া ও বমি
শৌচাগারে ফোন ব্যবহারের অভ্যাস শরীরের স্বাভাবিক আভ্যন্তরীণ ক্রিয়াকলাপে ব্যাঘাত ঘটাতে পারে। এর ফলে পেটে নানা রকম সমস্যা দেখা দিতে শুরু করে, যেমন – পেট খারাপ, ডায়রিয়া ও বমির মতো সমস্যা।
ক্লান্তি বৃদ্ধি
ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত প্রায় সবাই কমবেশি ফোন ব্যবহার করেন। এর উপর শৌচাগারেও যদি ফোন ব্যবহার করা হয়, তাহলে বিশ্রামের সময় আরও কমে যায়। এর ফলে শরীর জুড়ে নেমে আসে রাজ্যের ক্লান্তি, শরীর দুর্বল হয়ে পড়তে পারে। এছাড়াও, মোবাইলের স্ক্রিনের নীল আলো শরীরের স্বাভাবিক ছন্দকে প্রভাবিত করে।
তাই সুস্থ থাকতে এবং এই ধরনের স্বাস্থ্যঝুঁকি এড়াতে শৌচাগারে ফোন ব্যবহারের অভ্যাস আজই ত্যাগ করুন। আপনার ছোট্ট এই পরিবর্তন আপনাকে অনেক বড় বিপদ থেকে রক্ষা করতে পারে।