চাকরির সাক্ষাৎকারে যে ৪টি ভুল এড়িয়ে চলবেন নতুন বছরে!

নতুন বছরে নতুন চাকরি পাওয়ার স্বপ্ন দেখেন অনেকেই। আর এই স্বপ্ন পূরণের প্রথম ধাপই হলো সাক্ষাৎকার বা ইন্টারভিউ। কিন্তু ইন্টারভিউ বোর্ডে কিছু সাধারণ ভুল রয়েছে, যা অধিকাংশ চাকরিপ্রার্থীই করে থাকেন এবং যার ফলে সুযোগ হাতছাড়া হয়ে যায়। চলুন জেনে নিই সেই ভুলগুলো সম্পর্কে, যা ইন্টারভিউ বোর্ডে এড়িয়ে চলা উচিত।

১. অগোছালো পোশাক পরিহার করুন
ইন্টারভিউতে পোশাক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনোই অগোছালো বা ইন্টারভিউয়ের সঙ্গে সামঞ্জস্যহীন পোশাক পরে যাবেন না। সর্বদা ফরমাল এবং পরিচ্ছন্ন পোশাক পরে ইন্টারভিউ দিতে যান। এটি আপনাকে পরিপাটি, আত্মবিশ্বাসী এবং বুদ্ধিমান হিসেবে উপস্থাপন করবে। আপনার পোশাক আপনার পেশাদারিত্বের প্রথম ছাপ তৈরি করে।

২. মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকুন
সাক্ষাৎকার চলাকালীন মোবাইল ফোন কল বা মেসেজের উত্তর দেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকুন। ইন্টারভিউয়ের সময় ফোন ব্যবহার করলে বোঝা যাবে যে, আপনি কোনো ধরনের ইন্টারভিউ এটিকেট বা শিষ্টাচার জানেন না। ইন্টারভিউ শেষ না হওয়া পর্যন্ত আপনার ফোন সাইলেন্ট মোডে রাখুন। যারা আপনার সাক্ষাৎকার নিচ্ছেন, তাদের প্রতি আপনার পূর্ণ মনোযোগ দিন।

৩. কাজের প্রতি আগ্রহের অভাব প্রকাশ করবেন না
ইন্টারভিউ বোর্ডে আপনি নিজেকে কীভাবে উপস্থাপন করছেন, সে বিষয়ে সতর্ক থাকুন। আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন এবং আগ্রহের সঙ্গে প্রতিটি প্রশ্নের উত্তর দিন। তাড়াহুড়ো না করে চিন্তা করে উত্তর দিন এবং প্রয়োজন হলে বিরতি নিন। চাকরির প্রতি আপনার গভীর আগ্রহ এবং কাজের প্রতি আপনার নিষ্ঠা যেন আপনার কথায় ও আচরণে প্রকাশ পায়। কাজের প্রতি উদাসীনতা দেখালে তারা আপনাকে শুরুতেই বাতিল করে দিতে পারেন।

৪. পূর্ববর্তী বস সম্পর্কে নেতিবাচক মন্তব্য নয়
অনেক চাকরিপ্রার্থীই নতুন চাকরির সাক্ষাৎকারে পূর্ববর্তী বস বা কর্মপরিবেশ সম্পর্কে নেতিবাচক কথা বলে থাকেন। এটি একটি গুরুতর ভুল, যা কখনোই করা উচিত নয়। যদি আপনার কোনো অভিযোগ থাকেও, সেটি নিজের ভেতরেই রাখুন। কারণ যখন আপনি ইন্টারভিউ বোর্ডে আপনার পূর্ববর্তী বস সম্পর্কে বদনাম করবেন, তখন তারা আপনাকে একজন নেতিবাচক মানুষ হিসেবে দেখবেন। এর ফলে সম্ভাব্য চাকরিটি আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। মনে রাখবেন, পেশাদারিত্ব বজায় রাখা সবসময়ই জরুরি।

এই ভুলগুলো এড়িয়ে চললে আপনি ইন্টারভিউ বোর্ডে একটি ইতিবাচক ছাপ ফেলতে পারবেন এবং নতুন বছরে আপনার স্বপ্নের চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।