বাইক চালালে শরীর ব্যথা? এই ৫ ভুল অভ্যাসেই ডেকে আনছেন বিপদ!

যারা নিয়মিত মোটরসাইকেল চালান, সেই বাইক রাইডাররা প্রায়শই একটি গুরুতর সমস্যায় ভোগেন – শরীর ব্যথা। বিশেষ করে হাত, ঘাড়, পিঠ কিংবা কোমরে তীব্র যন্ত্রণায় কষ্ট পান অনেকেই। কেউ এই বিষয়টিকে তেমন গুরুত্ব দেন না, আবার কেউ মুঠো মুঠো ব্যথানাশক ওষুধ খেয়ে সাময়িকভাবে ব্যথা কমানোর চেষ্টা করেন, যা পরবর্তীতে কিডনির উপরও খারাপ প্রভাব ফেলতে পারে।
তবে জানেন কি, আপনার কিছু ভুল অভ্যাস ও অসচেতনতার কারণেই এই শারীরিক ব্যথায় ভুগতে হয়? আসুন জেনে নেওয়া যাক, কোন কোন ভুলের জন্য বাইক রাইডারদের শরীরে ব্যথা হয়:
১. ভুল বাইক নির্বাচন:
রাইডিংয়ের সময় শরীর ব্যথা হওয়ার অন্যতম প্রধান কারণ হলো ভুল বাইক নির্বাচন। বাইক কেনার সময় অনেকেই শুধু বাহ্যিক সৌন্দর্য দেখেন, নিজেদের শারীরিক গঠন বা আরামের বিষয়টি খেয়াল করেন না। মনে রাখবেন, সবার শরীরের গঠন একরকম নয়। আর এ কারণেই বাইকে বসে যদি আপনি স্বাচ্ছন্দ্যবোধ না করেন, তাহলে দীর্ঘক্ষণ এমন অবস্থায় রাইডিং করলে শরীর ব্যথা এবং পরবর্তীতে নানা শারীরিক সমস্যায় ভুগতে হবে। তাই বাইক কেনার আগে অবশ্যই সেটি আপনার জন্য উপযুক্ত কিনা, তা ভালোভাবে যাচাই করুন।
২. ভুল পজিশনে বসা:
অনেকেরই বাইকে সঠিকভাবে না বসার অভ্যাস রয়েছে। যখন আপনার বাইকে বসার পজিশন ঠিক থাকবে না, তখন শরীরের বিভিন্ন স্থানে এমনিতেই ব্যথা অনুভূত হবে। আবার অনেকেই আছেন যারা অকারণে মেরুদণ্ড বাঁকা করে বাইক চালান, যা ব্যাক পেইনের প্রধান কারণ। এছাড়াও, অনেকে পা গিয়ার লিভারের ভেতর দিয়ে নিচের দিকে রাখেন, এটিও একটি খারাপ অভ্যাস। এই অবস্থায় দুর্ঘটনা ঘটলে আপনার পায়ের ক্ষতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, পাশাপাশি শরীর ব্যথাও হয়। সবসময় পা দিয়ে ফুয়েল ট্যাংক শক্ত করে চেপে ধরে বাইক রাইড করুন। এতে আপনার হাঁটুতে ব্যথাও হবে না এবং বাইকের উপর নিয়ন্ত্রণও ভালো থাকবে।
৩. হাতের উপর অতিরিক্ত চাপ:
বাইক চালানোর সময় ডান হাত সবচেয়ে বেশি সক্রিয় থাকে। সামনের ব্রেক ধরা এবং থ্রটল ঘোরানোর মতো গুরুত্বপূর্ণ কাজগুলো ডান হাত দিয়েই করতে হয়। তাই দেখা যায় অনেকের ডান হাতের কবজি ও হাতের তালুতে প্রায়শই ব্যথা অনুভব হয়। এই সমস্যা থেকে বাঁচতে নরম গ্রিপ ও থ্রটল হোল্ডার ব্যবহার করে দেখতে পারেন। এতে আরাম মিলতে পারে।
৪. বাইকের অ্যাডজাস্টমেন্ট না করা:
একেকজনের শারীরিক গঠন ভিন্ন হওয়ার কারণে, একটি নির্দিষ্ট উপায়ে সব বাইক তৈরি করা সম্ভব নয়। তবে বেশিরভাগ বাইকেই হ্যান্ডেলবার ও সিটের উচ্চতা অ্যাডজাস্ট করার সুযোগ থাকে। তাই যখন আপনি বাইক কিনবেন, তারপর আপনার কোমরের ও হাতের সুবিধার জন্য হ্যান্ডেলবার এবং সিটের উচ্চতা নিজের মতো করে ঠিক করে নিন। এর ফলে কোমর বা জয়েন্টের ব্যথার সমস্যা অনেকাংশে কমবে।
৫. শরীরে অপ্রয়োজনীয় চাপ প্রয়োগ:
মোটরসাইকেল চালানোর সময় কখনোই শরীরের কোনো স্থানে অপ্রয়োজনীয় চাপ প্রয়োগ করবেন না। কিছু খারাপ অভ্যাস, ভুল রাইডিং ধরন পরিবর্তন এবং সঠিক বাইক নির্বাচনের মাধ্যমে আপনি রাইডিং সংক্রান্ত যাবতীয় শরীর ব্যথা থেকে মুক্তি পেতে পারেন। আরামদায়কভাবে বাইক চালান এবং নিজের শরীরের প্রতি খেয়াল রাখুন।