বয়স বাড়লেই নারীদের শরীরে বাসা বাঁধে এই ৬ রোগ! জেনে নিন প্রতিরোধের উপায়

স্বাস্থ্যই সকল সুখের মূল। শরীর সুস্থ না থাকলে জীবন পানসে লাগে। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধে, বিশেষ করে নারীদের জীবনে আসে বড় পরিবর্তন। পরিবারের দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় স্বাস্থ্যের অবনতি ঘটে। কিছু স্বাস্থ্য সমস্যা নারীদের উপর বেশি প্রভাব ফেলে। বয়স বাড়তে শুরু করলেই শরীরে ইস্ট্রোজেন হরমোনের ঘাটতি দেখা দেয়। এ সময় শারীরিক বদলের সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়। ঘুম কমে যায়, শরীর হঠাৎ গরম হয়ে ওঠে, আসে এক অদ্ভুত দুর্বলতা। শরীর যেন নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফলে ৫০ বছরের পর থেকেই নারীদের বিশেষ যত্নের প্রয়োজন। পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকে মৃত্যুর হার বেশি। নারী রোগীদের মধ্যে হতাশা ও উদ্বেগের লক্ষণও বেশি দেখা যায়। এমনকি, বেশিরভাগ নারীদের মূত্রনালীর সংক্রমণের সমস্যাও দেখা দেয়। এসব রোগ তাদের জীবননাশের কারণও হতে পারে। জেনে নিন বয়স বাড়লে নারীদের শরীরে যেসব রোগ মাথাচাড়া দিয়ে ওঠে:

১. হতাশা ও উদ্বেগ: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারীদের মধ্যে হতাশা ও উদ্বেগের প্রবণতা বাড়ে। শরীরে হরমোনের ওঠানামার কারণে এটি হতে পারে। পেরিমেনোপজ ও মেনোপজের পরিবর্তনগুলো হতাশার অন্যতম কারণ।

২. গর্ভাবস্থার জটিলতা: গর্ভাবস্থার সময় নারীর শরীর দুর্বল হয়ে পড়ে। যদি গর্ভাবস্থায় কোনো নারীর হাঁপানি, ডায়াবেটিস বা হতাশা থাকে, তবে মা ও শিশু উভয়েই ক্ষতিগ্রস্ত হতে পারে। এ সময় নারীদের শরীরে রক্তাল্পতাও দেখা দিতে পারে।

৩. প্রজনন স্বাস্থ্য সমস্যা: নারীরা ঋতুস্রাব, প্রসব, গর্ভাবস্থা ও মেনোপজের মতো বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে যান। অনেক সময় যৌন সমস্যা ও প্রজনন সংক্রান্ত জটিলতা বড় আকার ধারণ করে। উপেক্ষা করলে বন্ধ্যাত্ব ও কিডনি সমস্যার মতো গুরুতর পরিস্থিতিও তৈরি হতে পারে।

৪. হৃদরোগ: হার্ট অ্যাটাক সাধারণত পুরুষদের রোগ হিসেবে পরিচিত হলেও, নারীরাও হৃদরোগের শিকার হতে পারেন। সমীক্ষা অনুসারে, ৫৪ শতাংশ মহিলা হৃদরোগে আক্রান্ত হন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ঝুঁকি আরও বাড়ে।

৫. ডিম্বাশয় ও জরায়ুর ক্যান্সার: প্রতি বছর বহু নারী ডিম্বাশয় ও জরায়ুর ক্যান্সারে প্রাণ হারান। যেসব নারীদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম (PCOS)-এর সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এই ধরনের রোগের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়।

৬. স্তন ক্যান্সার: স্তন ক্যান্সার অনেক নারীর কাছেই এক ভীতিকর রোগ। তবে প্রাথমিক পর্যায়ে রোগটি শনাক্ত ও প্রতিরোধ করা গেলে রোগী সুস্থ হয়ে উঠতে পারেন। নিয়মিত স্ক্রিনিং ও সচেতনতাই এর প্রধান হাতিয়ার।

বয়স বাড়লে নারীদের শরীরে এই রোগগুলো মাথাচাড়া দিয়ে ওঠার ঝুঁকি থাকে। তবে সচেতন জীবনযাপন, সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে এই ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। শরীরের কোনো অস্বাভাবিক লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হোন, সুস্থ থাকুন।