ননস্টিক প্যান দীর্ঘদিন টিকিয়ে রাখতে চান? এই ভুলগুলো এড়িয়ে চলুন!

আধুনিক রান্নাঘরের অবিচ্ছেদ্য অংশ হলো ননস্টিক প্যান। তেল ছাড়াই রান্না করা কিংবা সহজে খাবার তোলার সুবিধার জন্য এর জনপ্রিয়তা বাড়ছে। তবে সঠিক যত্ন না নিলে এই প্যান খুব দ্রুত তার কার্যকারিতা হারায়। ননস্টিক লেয়ার ক্ষতিগ্রস্ত হলে একদিকে যেমন রান্নার সময় খাবার লেগে যায়, তেমনই তা স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর হতে পারে। তাই আপনার প্রিয় ননস্টিক প্যানটিকে দীর্ঘদিন ভালো রাখতে কিছু জরুরি বিষয় অবশ্যই মনে রাখতে হবে।

ননস্টিক প্যান ব্যবহারের সময় আমরা অজান্তেই এমন কিছু ভুল করে থাকি, যা এর জীবনকাল কমিয়ে দেয়। সেই ভুলগুলো জেনে নিন:

>> অতিরিক্ত তাপ ব্যবহার: ননস্টিক প্যান ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাপ নিয়ন্ত্রণ। কখনোই সরাসরি উচ্চ তাপে এই প্যান ব্যবহার করা উচিত নয়। অতিরিক্ত তাপ ননস্টিক লেয়ারের রাসায়নিক গঠন পরিবর্তন করে তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। প্যান গরম হওয়ার পরে যখন তাপমাত্রা কিছুটা কমে আসবে, তখন রান্না শুরু করা উচিত।

>> ধারালো জিনিস ব্যবহার: ননস্টিক প্যানের ভেতরের তলায় বা দেওয়ালে কোনো প্রকার দাগ বা আঁচড় লাগলে তা খুব দ্রুত নষ্ট হয়ে যায়। তাই রান্নার সময় ধাতব বা ধারালো চামচ, খুন্তি, ছুরি বা অন্য কোনো সরঞ্জাম ব্যবহার করা উচিত নয়। রান্নার জন্য সবসময় কাঠ বা সিলিকনের তৈরি স্প্যাটুলা ব্যবহার করুন।

>> অপরিষ্কার অবস্থায় রাখা: ব্যবহারের পর ননস্টিক প্যান ভালোভাবে পরিষ্কার করে শুকনো করে রাখা জরুরি। অপরিষ্কার অবস্থায় ফেলে রাখলে খাবারের কণা লেগে ননস্টিক লেয়ারের উপর স্থায়ী ক্ষত সৃষ্টি করতে পারে।

>> অতিরিক্ত তেল ব্যবহার: যদিও ননস্টিক প্যানে কম তেলে রান্না করা যায়, তবুও অনেকে বেশি তেল ব্যবহার করেন। অতিরিক্ত তেল ননস্টিক লেয়ারের মসৃণতাকে নষ্ট করতে পারে। তাই রান্নার সময় প্রয়োজন অনুযায়ী অল্প তেল বা মাখন ব্যবহার করাই শ্রেয়।

>> গরম থাকা অবস্থায় ধোয়া: রান্না শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই গরম ননস্টিক প্যানে ঠান্ডা জল ঢালা উচিত নয়। এর ফলে প্যানের উপরিভাগে তাপমাত্রার হঠাৎ পরিবর্তনে ফাটল ধরতে পারে বা ননস্টিক লেয়ার দুর্বল হয়ে যেতে পারে। তাই রান্না করার পর প্যান ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন, তারপর ধুয়ে ফেলুন।

ননস্টিক প্যানের যত্ন নেওয়ার সঠিক উপায়:

আপনার ননস্টিক প্যানটিকে দীর্ঘদিন সুরক্ষিত রাখতে নিচের নিয়মগুলো মেনে চলুন:

নতুন প্যান কেনার পর প্রথমবার ব্যবহারের আগে ভালোভাবে লিকুইড সোপ দিয়ে ধুয়ে নিন।
ননস্টিক প্যানে রান্নার সময় অল্প পরিমাণে তেল বা মাখন ব্যবহার করুন।
রান্নার সময় সাবধানে নাড়াচাড়া করুন এবং ধারালো সরঞ্জাম এড়িয়ে চলুন।
রান্না শেষ হয়ে গেলে প্যানটি ঠান্ডা হতে দিন।
ঠান্ডা হয়ে গেলে নরম স্পঞ্জ এবং হালকা লিকুইড সোপ দিয়ে আলতোভাবে ধুয়ে নিন। ঘষাঘষি করবেন না।
প্যান ধোয়ার পর ভালোভাবে শুকনো করে নিন।
শুকনো প্যান একটি নরম কাপড় বা তোয়ালে দিয়ে মুড়ে রাখুন। অন্যান্য বাসনপত্রের সঙ্গে সরাসরি রাখবেন না যাতে আঁচড় না লাগে।
এই সহজ নিয়মগুলো মেনে চললে আপনার ননস্টিক প্যান দীর্ঘদিন ভালো থাকবে এবং আপনার রান্নাও হবে স্বাস্থ্যকর। সামান্য সচেতনতাই আপনার রান্নাঘরের এই গুরুত্বপূর্ণ সরঞ্জামটিকে দীর্ঘস্থায়ী করতে পারে।