বেগুন ভাজি আর নয়, জিভে জল আনা দই বেগুন চেখে দেখুন!

সবজি দিয়েও যে কত সুস্বাদু পদ তৈরি করা যায়, তা হয়তো অনেকেরই অজানা। বেগুন ভাজি বা ভর্তা তো আমরা প্রায় সকলেই খেয়েছি। তবে একটু অন্যরকম স্বাদ পেতে চাইলে বেগুন দিয়ে তৈরি করতে পারেন মুখরোচক দই বেগুন। একবার খেলে এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে অনেক দিন। জেনে নিন দই বেগুনের সহজ রেসিপি:

উপকরণ:

বেগুন ২টি (চারকোণা করে কাটা)
টমেটো ১টি (চারকোণা করে কাটা)
পেঁয়াজ ১টি (কুচি করে কাটা)
হলুদ গুঁড়া ২ চা চামচ
মরিচের গুঁড়া ২ চা চামচ
টক দই ৩ চামচ
ধনেপাতা কুচি পরিমাণমতো
লবণ স্বাদমতো
তেল ভাজার জন্য পরিমাণমতো
পদ্ধতি:

১. প্রথমে কেটে রাখা বেগুনগুলির সঙ্গে লবণ, হলুদ গুঁড়া ও মরিচের গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিন।
2. এরপর একটি কড়াইতে তেল গরম করে ম্যারিনেট করা বেগুনগুলি সোনালী হওয়া পর্যন্ত ভেজে তুলে নিন।
3. ওই তেলেই পেঁয়াজ কুচি ও সামান্য লবণ দিয়ে হালকা ভাজুন। পেঁয়াজ নরম হয়ে এলে তাতে কেটে রাখা টমেটোগুলি যোগ করুন এবং ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিন।
4. এরপর সামান্য জল দিন। খেয়াল রাখবেন, দই বেগুন মাখা মাখা হবে, তাই জলের পরিমাণ বেশি দেবেন না।
5. সবশেষে একদম কম আঁচে ফেটিয়ে রাখা টক দই যোগ করুন। দই দেওয়ার সময় ক্রমাগত নাড়তে থাকুন, যাতে দই ফেটে না যায়।
6. স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রান্না করুন।
7. রান্না হয়ে গেলে আঁচ বন্ধ করে দিন এবং উপর থেকে কুচি করে রাখা ধনেপাতা ছড়িয়ে দিন।

ব্যাস! তৈরি হয়ে গেল সুস্বাদু দই বেগুন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর উপভোগ করুন বেগুনের এক নতুন স্বাদ।