শুধু সাহিত্য নয়, রন্ধনশিল্পেও রসিক ছিলেন রবীন্দ্রনাথ! জন্মদিনে চেখে দেখুন তাঁর প্রিয় কুলফি

রবীন্দ্রনাথ ঠাকুর, ভারতীয় সাহিত্য, শিল্প ও দর্শনের এক বিশাল স্তম্ভ। তাঁর রচনা কেবল ভারতেই নয়, বিশ্বজুড়ে আজও সমাদৃত। তবে অনেকেই জানেন না যে কবিগুরু কতটা ভোজনরসিক ছিলেন। তাঁর রন্ধনপ্রীতি আজও বাঙালির হেঁশেলে বিশেষভাবে সমাদৃত হয়।
জানা যায়, কবিগুরু বিভিন্ন নিমন্ত্রণ বাড়ি এবং রেস্তোরাঁর মেনু কার্ড সংগ্রহ করে আনতেন এবং সেই ধারণা থেকে নিজস্ব ফিউশন রান্নার সৃষ্টি করতেন। ঠাকুরবাড়ির রসুইঘরের ঠাকুরদের দিয়ে দেশি ও বিদেশি রান্নার মিশ্রণে জন্ম নিত নতুন নতুন স্বাদের রেসিপি, যা আজও বাঙালির হেঁশেলে অত্যন্ত জনপ্রিয়।
২৫শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষ্যে আজ আমরা জেনে নেব তাঁর পছন্দের একটি মিষ্টি পদ – কুলফির রেসিপি।
কবির পছন্দের কুলফি তৈরি করতে কী কী উপকরণ লাগবে:
দুধ – ১০ লিটার
চিনি – ২ কেজি
এলাচ – ৫০ গ্রাম
কীভাবে তৈরি করবেন রবীন্দ্রনাথের প্রিয় কুলফি:
১. প্রথমে একটি বড় পাত্রে ১০ লিটার দুধ নিয়ে জ্বাল দিতে শুরু করুন।
২. দুধ জ্বাল দিতে দিতে যখন প্রায় ৫ কেজির মতো ঘন হয়ে আসবে, তখন তাতে ২ কেজি চিনি এবং ৫০ গ্রাম এলাচ মেশান।
৩. চিনি ও এলাচ মেশানোর পর ভালোভাবে নাড়াচাড়া করুন, যাতে চিনি সম্পূর্ণভাবে মিশে যায়।
৪. এরপর এই মিশ্রণটি কুলফির ছাঁচে ঢেলে নিন।
৫. প্রতিটি ছাঁচের উপরের অংশটি আটা দিয়ে শক্ত করে বন্ধ করে দিন, যাতে বরফ বা জল ভেতরে প্রবেশ করতে না পারে।
৬. এবার প্রায় ১০ লিটার আকারের একটি বড় পাত্র নিন এবং গলা পর্যন্ত বরফ দিয়ে ভরে দিন।
৭. কুলফির ছাঁচগুলি সাবধানে বরফের মধ্যে রাখুন।
৮. ২ থেকে ৩ মিনিটের জন্য বরফের মধ্যে ছাঁচগুলি হালকাভাবে ঝাঁকান।
এই সহজ পদ্ধতিতেই তৈরি হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় সুস্বাদু কুলফি! গরমের দিনে এই ঠান্ডা মিষ্টি পদটি মন ও শরীর দুটোই জুড়িয়ে দেবে। কবিগুরুর জন্মদিনে এই বিশেষ মিষ্টি বানিয়ে প্রিয়জনদের সঙ্গে উপভোগ করুন।