রুপার গয়না কালো হয়ে গেছে? ঘরে বসেই ঝকঝকে করুন মাত্র ৪ উপায়ে!

রুপার গয়নার কদর যুগ যুগ ধরে চলে আসছে। শাড়ি থেকে শুরু করে সালোয়ার কামিজ, যেকোনো পোশাকের সঙ্গেই মানিয়ে যায় ছোট-বড় সব ধরনের রুপার গয়না। সোনার দাম যখন আকাশছোঁয়া, তখন রুপার গয়নার চাহিদা আরও বাড়ছে।
তবে রুপার গয়না দেখতে যতই সুন্দর হোক না কেন, কিছুদিন ব্যবহার করার পর বা ফেলে রাখলে তা খুব দ্রুত কালো হতে শুরু করে। এই কালো গয়না ফের ঝকঝকে করে তোলার জন্য অনেকেই ছুটে যান জুয়েলারির দোকানে।
কিন্তু জানেন কি, চাইলে ঘরে বসেই মাত্র ৪টি সহজ উপায়ে আপনি আপনার রুপার গয়নাকে নতুনের মতো ঝকঝকে করে তুলতে পারেন? তাও আবার কয়েক মিনিটের মধ্যেই! জেনে নিন সেই ঘরোয়া পদ্ধতিগুলো:
১. বেকিং সোডা ও অ্যালুমিনিয়াম ফয়েল:
প্রথমে একটি কাচের পাত্রের ভেতরের দিকে অ্যালুমিনিয়াম ফয়েল বিছিয়ে দিন।
এরপর কালো হয়ে যাওয়া রুপার গয়নাগুলো পাত্রের মধ্যে রাখুন।
গরম জলে ২ চামচ বেকিং সোডা খুব ভালোভাবে মিশিয়ে নিন।
এই গরম সোডার জল গয়নার উপর ঢেলে দিন এবং ২ মিনিট অপেক্ষা করুন।
তারপর পাত্র থেকে গয়নাগুলো তুলে জল ঝরিয়ে একটি শুকনো কাপড়ে ভালো করে মুছে নিন।
দেখবেন আপনার রুপার গয়না আগের মতো ঝকঝকে হয়ে উঠেছে।
২. টুথপেস্টের ব্যবহার:
একটি নরম সুতির কাপড় অথবা পুরনো নরম ব্রাশে অল্প পরিমাণে টুথপেস্ট নিন।
টুথপেস্টটি কালো হয়ে যাওয়া রুপার গয়নার উপর ভালো করে লাগান।
প্রায় ১৫ মিনিট মতো রেখে কাপড় বা ব্রাশ দিয়ে হালকাভাবে ঘষুন।
এরপর পরিষ্কার জল দিয়ে গয়না ধুয়ে ফেলুন।
আপনার রুপার গয়না আগের মতো চকচক করবে।
৩. চুলের কন্ডিশনার:
চুলের কন্ডিশনারও রুপার গয়না পরিষ্কার করতে ব্যবহার করা যেতে পারে।
কালো হয়ে যাওয়া গয়নার উপর সামান্য কন্ডিশনার ঘষে নিন।
প্রায় ১০ মিনিট এভাবে রেখে দিন।
তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন।
দেখবেন আপনার রুপার গয়না ঝকঝক করছে।
৪. আপেল সিডার ভিনেগার ও বেকিং সোডা:
একটি পাত্রে সামান্য আপেল সিডার ভিনেগারের সঙ্গে পরিমাণ মতো বেকিং সোডা মিশিয়ে নিন।
কালো হয়ে যাওয়া রুপার গয়নাগুলো এই মিশ্রণে ভিজিয়ে রাখুন।
প্রায় ৫ মিনিট পর গয়নাগুলো তুলে একটি নরম ব্রাশ দিয়ে হালকাভাবে পরিষ্কার করুন।
এরপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলেই দেখবেন আপনার রুপা আবার ঝলমল করছে।
এই সহজ ঘরোয়া পদ্ধতিগুলো ব্যবহার করে আপনি আপনার কালো হয়ে যাওয়া রুপার গয়নাকে সহজেই নতুনের মতো ঝকঝকে করে তুলতে পারেন। তাই আর জুয়েলারির দোকানে ছোটাছুটি নয়, ঘরে বসেই আপনার প্রিয় গয়নার যত্ন নিন।