দীর্ঘক্ষণ স্ক্রিনে কাজ? চোখের চাপ কমাতে জানুন সহজ উপায়

ঘণ্টার পর ঘণ্টা ল্যাপটপ বা ডেস্কটপের সামনে বসে কাজ করা এখন অনেকেরই দৈনন্দিন রুটিন। কিন্তু এর ফলে চোখের উপর যে মারাত্মক চাপ পড়ে, তা নিয়ে অনেকেই চিন্তিত। লাগাতার ইলেকট্রনিক ডিভাইসের দিকে তাকিয়ে থাকলে চোখ জ্বালা করে, অতিরিক্ত ক্লান্তি অনুভব হয়। চিকিৎসকরা বলছেন, স্ক্রিন থেকে নির্গত নীল আলো চোখের ক্ষতি করে এবং ড্রাই আই-এর মতো সমস্যা সৃষ্টি করতে পারে। এর প্রভাব শুধু চোখেই নয়, শরীরেও পড়তে পারে, যা কাজের ইচ্ছাশক্তি কমিয়ে দেয়।

তবে দুশ্চিন্তার কিছু নেই। বাড়ি থেকে কাজ চালিয়ে যাওয়ার এই পরিস্থিতিতেও চোখের উপর চাপ কমানোর কিছু সহজ উপায় বাতলে দিয়েছেন ভারতের গুরুগ্রামের একটি রিসার্চ ইনস্টিটিউশনের ডিরেক্টর ডা. অনিতা শেঠী।

আসুন জেনে নেওয়া যাক, কীভাবে কাজও চলবে আর চোখের উপরও কম পড়বে চাপ:

নিয়মিত বিরতি: একটানা স্ক্রিনের দিকে তাকিয়ে না থেকে প্রতি ১৫ থেকে ২০ মিনিট অথবা অন্তত এক ঘণ্টা অন্তর বিরতি নিন। এই সময়টুকুতে চোখ কিছুটা বিশ্রাম পায়। বিরতির সময় চেষ্টা করুন দূরের কোনো বস্তুর দিকে তাকিয়ে থাকতে।

স্ক্রিন থেকে দূরে থাকুন: ল্যাপটপ থেকে বিরতি নেওয়ার মানে এই নয় যে আপনি সঙ্গে সঙ্গেই মোবাইল ঘাঁটতে শুরু করলেন বা টিভির পর্দায় চোখ রাখলেন। এমনকি বই পড়াও এই সময় চোখের জন্য বিশ্রাম নয়। ওই অল্প সময় চোখ বন্ধ করে গান শুনুন অথবা কারো সাথে কথা বলুন।

চিকিৎসকের পরামর্শ নিন: চোখ অতিরিক্ত জ্বালা করলে, চুলকালে অথবা লাল হয়ে জল পড়লে অবশ্যই দেরি না করে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন। ডাক্তারের দেওয়া ওষুধ নিয়ম মেনে খান। নিজের ইচ্ছামতো কোনো পরীক্ষা বা চিকিৎসা করতে যাবেন না। এই পরিস্থিতিতে ভিডিও কলের মাধ্যমেও ডাক্তারের পরামর্শ নেওয়া সম্ভব। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো আই ড্রপ ব্যবহার করবেন না।

পরিষ্কার পরিচ্ছন্নতা: যারা চশমা ব্যবহার করেন, তারা অবশ্যই নিয়মিত সেটি পরিষ্কার রাখুন। ঝাপসা দেখলে চোখের উপর আরও বেশি চাপ পড়ে। কাজের সময় অকারণে চোখে হাত দেবেন না। এটি শুধু চোখের জন্যই খারাপ নয়, করোনা সংক্রমণের ঝুঁকিও বাড়াতে পারে।

শারীরিক কার্যকলাপ: দিনের একটা নির্দিষ্ট সময় অবশ্যই শরীরচর্চা করুন। নিয়মিত ব্যায়াম শরীরে রক্ত চলাচল স্বাভাবিক রাখে এবং চোখ ভালো রাখতে সহায়ক।

সঠিক বসার ভঙ্গি ও আলোর ব্যবহার: শুয়ে শুয়ে ল্যাপটপে কাজ করা একেবারেই উচিত নয়। সবচেয়ে ভালো হয় চেয়ার-টেবিলে সোজা হয়ে বসা। অন্ধকারের মধ্যে শুধু স্ক্রিনের আলোয় কাজ করবেন না। ঘরের আলো জ্বালিয়ে নিন। এতে চোখের উপর চাপ অনেক কম পড়বে।

এই সহজ নিয়মগুলো মেনে চললে দীর্ঘক্ষণ স্ক্রিনে কাজ করার পরেও আপনার চোখ থাকবে সতেজ এবং আপনি কাজ করতে পারবেন আরও মনোযোগের সাথে।