গাঢ় লিপস্টিক কি ঠোঁট কালো করে? জেনে নিন সুরক্ষার সহজ উপায়

সাজগোজের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো লিপস্টিক, যা অনেক নারীর কাছেই অবিচ্ছেদ্য অংশ। হালকা শেডের পাশাপাশি গাঢ় রঙের লিপস্টিকও অনেকের পছন্দের। তবে গাঢ় লিপস্টিক পরা নিয়ে অনেকের মনেই একটি প্রশ্ন ঘোরাফেরা করে—এটি কি ঠোঁট কালো করে দেবে? ঠোঁট যাতে কালচে না হয়, তার জন্য কিছু যত্ন নেওয়া অপরিহার্য।
ঠোঁট পরিষ্কার রাখা জরুরি:
লিপস্টিক তোলার পরে ঠোঁট ভালোভাবে পরিষ্কার করা খুব জরুরি। লিপস্টিক হালকা হয়ে গেলে সেভাবেই ফেলে রাখবেন না। বরং ঠোঁট থেকে পুরোপুরি মুছে ফেলুন। খেয়াল রাখবেন, ঠোঁটের আর্দ্রতায় যেন কোনোভাবেই ঘাটতি না হয়। দিনের মধ্যে যতবার মুখ ধোবেন বা কুলকুচি করবেন, ততবার মুখ মুছে নিয়ে অবশ্যই লিপবাম ব্যবহার করবেন। এরপর প্রয়োজন হলে লিপস্টিক লাগান।
এসপিএফ যুক্ত লিপবামের ব্যবহার:
ঠোঁটে লিপবাম ব্যবহারের সময় খেয়াল রাখুন তাতে যেন সান প্রোটেকশন ফ্যাক্টর বা এসপিএফ থাকে। সূর্যের ক্ষতিকারক রশ্মি যেমন ত্বকের ক্ষতি করে, তেমনই ঠোঁটেও কালচেভাব ফেলতে পারে। এসপিএফ আপনার ঠোঁটকে রোদের কারণে কালো হয়ে যাওয়া থেকে রক্ষা করবে। তাই দিনের বেলায় এসপিএফ যুক্ত লিপবাম ব্যবহার করা বুদ্ধিমানের কাজ।
ঠোঁটের নিয়মিত এক্সফোলিয়েশন:
শুধু ত্বক নয়, ঠোঁটের যত্নের জন্যও এক্সফোলিয়েশন জরুরি। প্রাকৃতিক স্ক্রাব হিসেবে লেবুর রস, মধু ও দুধের সর একসঙ্গে মিশিয়ে নিতে পারেন। এরপর ভালোভাবে ঠোঁটে লাগান। মিশ্রণটি শুকিয়ে এলে সামান্য চিনি নিয়ে ঠোঁটের ওপর চক্রাকারে ঘষতে থাকুন। এর ফলে ঠোঁটে জমে থাকা মৃত কোষ ঝরে যাবে এবং ঠোঁট হবে মসৃণ ও উজ্জ্বল।
টুথপেস্ট পরিবর্তন করে দেখুন:
ঠোঁটের যত্নে আরেকটি সহজ ঘরোয়া সমাধান হতে পারে টুথপেস্ট পরিবর্তন করা। ঠোঁটের কালচেভাব দূর করতে চাইলে আপনার ব্যবহৃত টুথপেস্টটি বদলে দেখতে পারেন। অনেক সময় টুথপেস্টে থাকা বিশেষ কোনো উপাদানের কারণে অ্যালার্জি হতে পারে। এর ফলে ঠোঁটের রং কালচে হতে শুরু করে। তাই অন্য কোনো ব্র্যান্ডের টুথপেস্ট ব্যবহার করে দেখতে পারেন, যা আপনার ঠোঁটের জন্য উপযুক্ত।
ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন:
যদি আপনার ঠোঁটের রং কালো হয়ে যায় এবং ঘরোয়া উপায়ে কোনো ফল না পান, তবে তা নিয়ে খুব বেশি চিন্তা না করে একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। কারণ আপনার শারীরিক কোনো সমস্যার কারণেও এমনটা হতে পারে। সঠিক কারণ জেনে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা জরুরি।
গাঢ় লিপস্টিক ব্যবহার করার সময় এই সহজ টিপসগুলো মেনে চললে আপনার ঠোঁট থাকবে সুরক্ষিত এবং সুন্দর। তাই পছন্দের লিপস্টিক ব্যবহার করুন কোনো দ্বিধা ছাড়াই, শুধু একটু যত্ন নিন নিয়মিত।