হুট করে দাঁড়ালে মাথা ঘোরে? জানুন এর কারণ ও প্রতিকারের উপায়

বসা অবস্থা থেকে হঠাৎ করে উঠে দাঁড়ালে অনেকেরই মাথা ঘোরার অভিজ্ঞতা হয়ে থাকে। যদিও এই অনুভূতিটি ভীতিকর হতে পারে, তবে ইউনিভার্সিটি অফ মিশিগানের ফ্র্যাঙ্কেল কার্ডিওভাস্কুলার সেন্টারের ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট নাদিয়া সাট্যন বলছেন, এতে আতঙ্কিত হওয়ার তেমন কিছু নেই। তবে ঘন ঘন এমনটা ঘটলে, আগেকার শারীরিক সমস্যার ইতিহাস খতিয়ে দেখা প্রয়োজন।

আসলে, বসা অবস্থা থেকে হঠাৎ দাঁড়ালে কেন মাথা ঘোরে, তা খুব একটা জটিল বিষয় নয়। বসা অবস্থায় শরীরের রক্তচাপ একরকম থাকে। হুট করে দাঁড়িয়ে গেলে রক্তচাপের দ্রুত পরিবর্তন ঘটে। ডাঃ সাট্যন ব্যাখ্যা করেন, “বসা থেকে হঠাৎ উঠে দাঁড়ালে মধ্যাকর্ষণের প্রভাবে শরীরের নিচের অংশের রক্তে টান পড়ে। এর ফলে মস্তিষ্কে রক্ত সরবরাহ সাময়িকভাবে কমে যায় এবং মাথা ঘোরার প্রবণতা তৈরি হয়।”

তিনি আরও বলেন, তাড়াহুড়োর মধ্যে দাঁড়ালে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন (Orthostatic Hypotension) দেখা দিতে পারে। এর ফলে শরীরের উপরের অংশের, বিশেষ করে মাথার অংশের রক্তচাপ কমে যায়। এই কারণেই মাথা ঘোরা বা হালকা বোধ হওয়ার সমস্যা হয়। তবে এই সমস্যা সাধারণত খুবই ক্ষণস্থায়ী এবং অল্প সময়ের মধ্যেই শরীর স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

তবে এক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। রক্তচাপের সাথে শরীরে জলের অভাব (জলস্বল্পতা), কিছু বিশেষ ওষুধ, হৃদযন্ত্রের সমস্যা এবং নিউরোলজিক্যাল সমস্যাও জড়িত থাকতে পারে।

ডাঃ সাট্যন জানান, কিছু মানুষের মধ্যে বসা থেকে দাঁড়ালে মাথা ঘোরার সমস্যা বেশি দেখা যায়। এমন পরিস্থিতিতে তিনি পরামর্শ দেন, মাথা ঘোরা বন্ধ না হওয়া পর্যন্ত পুনরায় চেয়ারে বা অন্য কোনো শক্ত স্থানে বসে অপেক্ষা করার। এর ফলে শরীর মধ্যাকর্ষণের সাথে মানিয়ে নিতে এবং রক্তচাপ স্বাভাবিক হতে সময় পাবে। তা না হলে অনেক সময় অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে।

সুতরাং, বসা থেকে হঠাৎ দাঁড়ালে মাথা ঘোরা তেমন উদ্বেগের কারণ না হলেও, ঘন ঘন এমনটা ঘটলে বা অন্য কোনো শারীরিক সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।