দিনে কতবার চুল আঁচড়াচ্ছেন? জেনে নিন অতিরিক্ত আঁচড়ানোও চুল ঝরার কারণ!

চুলের স্বাস্থ্য নিয়ে চিন্তিত মানুষের সংখ্যা নেহাত কম নয়। অনেকেই দিনরাত চুলের পরিচর্যা করেন, ঘন ঘন চুল আঁচড়ান, কিন্তু তাতেও চুল ঝরা বন্ধ হয় না। এমন পরিস্থিতিতে মনে প্রশ্ন জাগা স্বাভাবিক, কেন এমন হচ্ছে? ঘন ঘন আঁচড়ানোর জন্যই কি চুল ঝরে যাচ্ছে?

বিশেষজ্ঞদের মতে, এর উত্তর ‘হ্যাঁ’। চুল একাধিকবার আঁচড়ানো চুল ঝরে যাওয়ার অন্যতম প্রধান কারণ। অনেকেরই ভুল ধারণা রয়েছে যে, বারবার চুল আঁচড়ালে চুল ভালো থাকে। কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা।

বিশেষজ্ঞরা বলছেন, সুস্থ চুলের জন্য দিনে দু’বারের বেশি চুল আঁচড়ানোর কোনো প্রয়োজন নেই। সকালে ঘুম থেকে উঠে এবং রাতে শোয়ার আগে আঁচড়ালেই যথেষ্ট। এই সময় চুল আলতোভাবে আঁচড়ালে চুলের জট খুলে যায় এবং মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়ে, যা চুলের স্বাস্থ্যের জন্য উপকারী।

তবে চুল আঁচড়ানোর পদ্ধতির দিকেও খেয়াল রাখা জরুরি। ভেজা চুল আঁচড়ানোর সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। ভেজা চুলের গোঁড়া আলগা থাকে, তাই এই সময় চুল ঝরার সম্ভাবনা অনেক বেশি থাকে। যদি ভেজা চুল আঁচড়াতেই হয়, তবে প্রথমে চুলের নিচের দিকের জট ছাড়িয়ে নিন এবং তারপর ধীরে ধীরে ওপরের দিকে আঁচড়ান। তবে বিশেষজ্ঞদের পরামর্শ, ভেজা চুল যতটা সম্ভব না আঁচড়ানোই ভালো। চুল শুকিয়ে গেলে আলতো হাতে আঁচড়ানো চুলের ক্ষতির সম্ভাবনা কমায়।

অতিরিক্ত চুল আঁচড়ানো চুলের ফলিকলের উপর চাপ সৃষ্টি করে, যার ফলে চুল দুর্বল হয়ে ভেঙে যায় এবং ঝরতে শুরু করে। তাই সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে ঘন ঘন চুল আঁচড়ানোর অভ্যাস ত্যাগ করুন এবং সঠিক নিয়মে চুলের যত্ন নিন।