চোখের যত্নে কন্টাক্ট লেন্স: সুবিধা, অসুবিধা এবং সতর্কতা

ছোট-বড় নির্বিশেষে আজকাল অনেকেই চোখের সমস্যায় ভুগছেন। এক সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে, ২৫ বছরের কম বয়সী অন্তত ৩০ শতাংশ তরুণ প্রজন্মের মধ্যেই মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া বা অ্যাস্টিগমাটিজমের মতো বিভিন্ন চোখের সমস্যা দেখা যাচ্ছে। এই ধরনের সমস্যা মোকাবিলায় বিশেষজ্ঞরা চশমা বা কন্টাক্ট লেন্স ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন।

কেউ চশমা পরতে স্বচ্ছন্দ বোধ করেন, আবার কেউ চশমার অসুবিধা এড়াতে কন্টাক্ট লেন্স বেছে নেন। শুধু দৃষ্টিশক্তির সমস্যা নয়, বর্তমানে ফ্যাশনের অনুষঙ্গ হিসেবেও কন্টাক্ট লেন্সের ব্যবহার বাড়ছে। চোখের সৌন্দর্য বৃদ্ধি করতে নারী-পুরুষ উভয়েই এখন রঙিন বা বিভিন্ন ডিজাইনের কন্টাক্ট লেন্স ব্যবহার করছেন। তবে কন্টাক্ট লেন্স ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। অন্যথায় চোখের মারাত্মক ক্ষতি হতে পারে। তাই কন্টাক্ট লেন্স ব্যবহারের আগে এর সুবিধা ও অসুবিধা সম্পর্কে জেনে নেওয়া যাক:

কন্টাক্ট লেন্সের সুবিধা:

চশমা পরলে মুখের স্বাভাবিক সৌন্দর্য ঢাকা পড়ে। লেন্স ব্যবহারের ফলে স্পষ্ট দৃষ্টি পাওয়া যায় এবং একইসঙ্গে চোখের সৌন্দর্য অক্ষুণ্ণ থাকে।
খেলাধুলা বা শারীরিক কার্যকলাপের সময় চশমা একটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। সেক্ষেত্রে কন্টাক্ট লেন্স ব্যবহার অনেক বেশি সুবিধাজনক।
যাদের চোখের সমস্যা বেশি, অনেক সময় চশমা পরেও স্পষ্ট দেখতে অসুবিধা হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কন্টাক্ট লেন্স ব্যবহার করলে দৃষ্টি স্পষ্ট হতে পারে।
কন্টাক্ট লেন্সের অসুবিধা:

প্রথমবার কন্টাক্ট লেন্স পরলে চোখে সামান্য অস্বস্তি অনুভূত হতে পারে, যা পরবর্তীতে অভ্যাসের সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়।
অপরিষ্কার লেন্স ব্যবহার করলে চোখে সংক্রমণের ঝুঁকি বাড়ে।
শুকিয়ে যাওয়া কন্টাক্ট লেন্স পরলে চোখে অস্বস্তি এবং জ্বালা অনুভূত হতে পারে।
দীর্ঘক্ষণ কন্টাক্ট লেন্স ব্যবহার করলে চোখ জ্বালা-পোড়া করতে পারে।
নিম্নমানের কন্টাক্ট লেন্স ব্যবহার করলে চোখের সমস্যা আরও বাড়তে পারে।
কন্টাক্ট লেন্স ব্যবহারে সতর্কতা:

গোসলের সময় কন্টাক্ট লেন্স পরিধান করা উচিত নয়।
কখনও কন্টাক্ট লেন্স পরে ঘুমাবেন না।
প্রতিবার ব্যবহারের পর লেন্স পরিষ্কার করুন।
ব্যবহারের পর কন্টাক্ট লেন্স অবশ্যই সলিউশনে ডুবিয়ে রাখুন।
একটানা দীর্ঘ সময় ধরে কন্টাক্ট লেন্স ব্যবহার করা এড়িয়ে চলুন।
প্রয়োজন ছাড়া শুধুমাত্র ফ্যাশনের জন্য কন্টাক্ট লেন্স ব্যবহার করা উচিত নয়।
সর্বদা ভালো মানের কন্টাক্ট লেন্স ব্যবহার করুন।
চোখের স্বাস্থ্য সুরক্ষায় কন্টাক্ট লেন্স ব্যবহারের ক্ষেত্রে সচেতন থাকা অত্যন্ত জরুরি। সামান্য অসাবধানতাও চোখের মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাই কন্টাক্ট লেন্স ব্যবহারের আগে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া এবং সঠিক নিয়মাবলী মেনে চলা আবশ্যক।