বাঙালি রান্নার স্বাদ বৃদ্ধিতে পেঁয়াজের ভূমিকা অপরিহার্য। তরকারি থেকে শুরু করে সালাদ কিংবা ভর্তা—পেঁয়াজ ছাড়া যেন সবকিছুই পানসে লাগে। প্রতিদিন কমবেশি সবাই রান্না করা পেঁয়াজ খেয়ে থাকেন। তবে জানেন কি, বিশেষ করে গরমকালে কাঁচা পেঁয়াজ খেলে আপনার শরীর কতখানি উপকৃত হতে পারে?
এপ্রিলের তীব্র গরমে যখন প্রাণ ওষ্ঠাগত, তখন কাঁচা পেঁয়াজ হতে পারে আপনার ত্রাতা। প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ে, তবে কাঁচা পেঁয়াজ সেই ঝুঁকি অনেকটাই কমিয়ে দিতে পারে। শুধু তাই নয়, গরমে অতিরিক্ত তাপে বা উচ্চ রক্তচাপের কারণে অনেকেরই নাক দিয়ে রক্ত পড়ে। এই সমস্যা প্রতিরোধেও দারুণ কাজ করে কাঁচা পেঁয়াজ।
গরমের খাদ্যতালিকায় পেঁয়াজ যোগ করলে বিভিন্ন সংক্রমণ ও রোগ থেকে দূরে থাকা যায়। পুষ্টিগুণে ভরপুর এই সবজি ত্বকের জন্যও উপকারী। এমনকি হজমক্ষমতা বাড়াতেও সাহায্য করে পেঁয়াজ।
পেঁয়াজে থাকা সিস্টিন নামক অ্যান্টি-হিস্টামিন গরমে শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিদিন কাঁচা পেঁয়াজ খেলে এর অ্যান্টি-অক্সিডেন্ট আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়িয়ে দেবে। তাই গরমের মরশুমি জ্বর-সর্দি থেকে মুক্তি পেতে অবশ্যই পাতে রাখুন কাঁচা পেঁয়াজ।
যাদের নাক দিয়ে অতিরিক্ত জল পড়ে বা মাথাব্যথা করে, তারা এক টুকরো কাঁচা পেঁয়াজ কাপড়ে মুড়ে নাকের কাছে ধরে ঘ্রাণ নিতে পারেন। এতে দ্রুত উপকার পাওয়া যায়। হাঁপানি রোগীরাও গরমে ধুলা-বালি ও গরমের কারণে আরও বেশি কষ্ট পান। বিশেষজ্ঞদের মতে, অ্যাজমার ঝুঁকি কমাতে প্রতিদিন কাঁচা পেঁয়াজ খাওয়া উচিত।
পেঁয়াজে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় এটি প্রদাহ কমাতে সাহায্য করে। একইসঙ্গে এতে থাকা ভিটামিন সি ও সালফার বিভিন্ন ব্যাকটেরিয়াল ও ভাইরাল ইনফেকশন প্রতিরোধে সহায়ক। ফ্ল্যাভোনয়েডের ফর্মে থাকা থিওসালফিনেট এবং অ্যান্থোসায়ানিন অ্যাস্থমার মতো অ্যালার্জি সারাতে সাহায্য করে। একটি সমীক্ষা অনুযায়ী, পেঁয়াজে পাঁচটিরও বেশি বিভিন্ন ধরনের ফ্ল্যাভোনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা কোষ তৈরি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
পেঁয়াজে ফোলেট বি৯ ও পাইরিডক্সিন বি৬ এর পাশাপাশি বিভিন্ন প্রয়োজনীয় খনিজও রয়েছে। এগুলো শরীরের বিপাকক্রিয়া, লোহিত রক্ত কণিকার উৎপাদন ও স্নায়ু কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গরমে রোদের তাপে অনেকের ত্বকে সানবার্ন দেখা দেয়। সেক্ষেত্রে পেঁয়াজের রস ত্বকের কালচে দাগ দূর করতে সাহায্য করে।
চিকিৎসকদের মতে, গরমে প্রতিদিন অন্তত ১০০-১৫০ গ্রাম পেঁয়াজ খাওয়া উচিত। আপনি পেঁয়াজের রস, সালাদের সঙ্গে কুচি করে অথবা রান্না করা পেঁয়াজের মাধ্যমে এটি গ্রহণ করতে পারেন। তাই গরমের দিনগুলোতে সুস্থ থাকতে আপনার খাদ্যতালিকায় অবশ্যই কাঁচা পেঁয়াজ যোগ করুন।