থালা ভর্তি ভাত না খেলেও ভরে না মন? ভয়াবহ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জেনেনিন

ভাত ছাড়া বাঙালির অস্তিত্বই যেন সংকটের মুখে পড়ে যায়। তাই উত্তর গোলার্ধ হোক কিংবা দক্ষিণ, পৃথিবীর যে কোনও প্রান্তেই বাঙালিরা ভাত খোঁজেন। এটাই আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য।
এমনতি ভাত কিন্তু খুবই উপকারী খাবার। এতে রয়েছে প্রয়োজনিয় কার্ব। আর এই কার্বোহাইড্রেট থেকেই প্রয়োজনিয় শক্তি জোগার করে নেয় শরীর। এছাড়া এই খাবারে কিছু জরুরি ভিটামিন ও খনিজও রয়েছে। তাই ভাত খাওয়া নিয়ে অতিরিক্ত চিন্তার সত্যিই কিছু নেই।তবে সব ভালোরই কিছু খারাপ দিক রয়েছে। আর এই আপ্তবাক্য কিন্তু ভাতের উপরও খাটে। এক্ষেত্রে দিনে এক থেকে দুইবেলা থালা ভর্তি ভাত খেলে গোপনেই একাধিক রোগ পিছু নেয়।

তাই আর দেরি না করে থালা ভর্তি ভাত খাওয়ার ভয়াবহ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জেনে নিন। আশা করছি, এই প্রতিবেদনটি পড়ার পর আপনার চোখ খুলে যাবে। আপনিও ভাত খাওয়ার পরিমাণের উপর লাগাম পরাতে পারবেন।

১. ডায়াবিটিসের ভ্রুকুটি​
হাই ব্লাড সুগার কিন্তু একটি ঘাতক অসুখ। এই রোগে আক্রান্ত হলে চোখ, কিডনি, হার্ট ও ব্রেনের গুরুতর ক্ষতির আশঙ্কা থাকে। তাই যেভাবেই হোক ডায়াবিটিসের ফাঁদ থেকে দূরে থাকাটাই বুদ্ধিমানের কাজ। তবে জানলে অবাক হয়ে যাবেন, আপনার এহেন স্বদিচ্ছাতে জল ঢেলে দিতে পারে অতিরিক্ত পরিমাণে ভাত খাওয়ার অভ্যাস। এই প্রসঙ্গে হেলথলাইন জানাচ্ছে, সাদা ভাতের গ্লাইসেমিক ইনডেক্স প্রায় ৬৪। ফলে ভাত বেশি পরিমাণে খেলে দেহে সুগারের মাত্রা চটজলদি বেড়ে যায়। তাই সতর্ক থাকা ছাড়া অন্য কোনও গতি নেই।

২. মেটাবলিক সিনড্রোম পিছু ধাওয়া করতে পারে​
আমাদের শরীরে সবসময় বিপাক ক্রিয়া চলছে। তবে অনেক সময় খাদ্যাভ্যাসের ভুলভ্রান্তি বিপাকের উপরই গুরুতর আঘাত হানে। এই যেমন নিয়মিত মাত্রাতিরিক্ত পরিমাণে ভাত খেলে মেটাবলিক রেটের বারোটা বাজতে পারে বলে আগেভাগেই সতর্ক করে রেখেছেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে হাই ব্লাড প্রেশার, খারাপ কোলেস্টেরল বৃদ্ধি সহ একাধিক সমস্যা পিছু নেওয়ার আশঙ্কা তৈরি হয়। তাই এবার থালা ভর্তি ভাত খাওয়ার অভ্যাস ছাড়ুন বন্ধু।

​৩. ওজন বাড়াও সম্ভব​
ওজন বেশি থাকলে তা যত শীঘ্র সম্ভব কমাতে হবে। নইলে একাধিক কঠিন রোগ যেমন- ডায়াবিটিস, হাই প্রেশার, কোলেস্টেরল, এমনকী ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কয়েকগুণ বৃদ্ধি পায়। তাই যেভাবেই হোক ওজনকে নিয়ন্ত্রণে রাখাটাই বুদ্ধিমানের কাজ।

তবে মনে রাখবেন, থালা ভর্তি ভাত খেয়ে কিন্তু ওজন কমানো যায় না। কারণ ভাতে এমনিতেই প্রচুর পরিমাণে ক্যালোরি আছে। এছাড়াও এতে উপস্থিত সিম্পল কার্ব সরাসরি ওজন বাড়াতে পারে। তাই ভাতের লোভ সংবরণ করা ছাড়া কোনও গতি নেই।

​৪. সমস্যা বাড়াতে পারে আর্সেনিক​
আর্সেনিক হল একটি ভারী ধাতু। আর এই ধাতু শরীরে বেশি পরিমাণে পৌঁছে গেলে সমস্যার শেষ থাকে না। এক্ষেত্রে আর্সেনিকের বিষক্রিয়ায় ব্রেন ও নার্ভ ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকী টাইপ ২ ডায়াবিটিস, হার্ট ডিজিজ, এমনকী কিছু বিশেষ ধরনের ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায়।

প্রসঙ্গত, দেশের কিছু অংশের চালে কিন্তু কিছুটা বেশি পরিমাণে আর্সেনিক মজুত থাকে। আর তা অতিরিক্ত পরিমাণে খেলেই পিছু নেয় রোগব্যাধি। তাই সাবধান!

৫. সাদা ভাত খাওয়া উচিত?​
সাদা ভাত বিষ নয়। তাই সাদা ভাত খাওয়ায় মানা নেই। তবে এই খাবার মেপে খেতে পারলেই সবথেকে ভালো হয়। সেক্ষেত্রে সারাদিনে দুইবার অল্প পরিমাণে ভাত খেলে তেমন কোনও অসুবিধা হওয়ার কথা নয়।

তবে আপনি চাইলে সাদা ভাতের বদলে ব্রাউন রাইসও খেতে পারেন। এই চালের গুণগত মান কিছুটা হলেও বেশি। তাই পকেটের জোর থাকলে ব্রাউন রাইস খেতেই পারেন।