৮০৪ কোটি টাকা ফ্রিজ! আরও ৪টি অ্যাকাউন্ট সচলের আর্জিতে হাইকোর্টে ধাক্কা খেল কালীঘাট তৃণমূল!

রাজনৈতিক দলের দৈনন্দিন খরচ ও কর্মচারীদের বেতন দিতে গিয়ে চরম বিপাকে পড়েছে শাসকদল। ইন্ডিয়ান ব্যাঙ্কের ফ্রিজ করা আরও চারটি অ্যাকাউন্ট সচল করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ‘কালীঘাট তৃণমূল’। তবে পুজোর আগে এই মামলায় কোনো স্বস্তি পেল না তারা। বিচারপতি সৌগত ভট্টাচার্য সাফ জানিয়ে দিয়েছেন, এখনই এই চারটি অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি দেওয়া সম্ভব নয়।

শুনানি চলাকালীন তৃণমূলের তরফে দাবি করা হয়, একটি রাজনৈতিক দলের বেতন, বাড়িভাড়া এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ চালানোর জন্য বহু অর্থের প্রয়োজন হয়। তাদের দাবি অনুযায়ী, দলীয় প্রায় ৮০৪ কোটি টাকা বর্তমানে ফ্রিজ করে রাখা হয়েছে।

অন্যদিকে, রাজ্যের পক্ষ থেকে তীব্র বিরোধিতা করে দাবি করা হয়, অ্যাকাউন্টগুলিতে প্রচুর পরিমাণে সন্দেহজনক নগদ লেনদেন হয়েছে। উদাহরণস্বরূপ বলা হয়, ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে সুমিত রায় নগদে ৭ কোটি টাকা এবং দেবরাজ চক্রবর্তী ১০ কোটি টাকা জমা করেছেন। শুধু তাই নয়, ওই অ্যাকাউন্টগুলি থেকেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর অ্যাকাউন্টে ৩০ কোটি টাকা স্থানান্তরিত করা হয়েছিল বলেও দাবি করেছে রাজ্য।

উভয় পক্ষের বক্তব্য শুনে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, এর আগে এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের তিনটি অ্যাকাউন্ট ব্যবহারের জন্য শর্তসাপেক্ষে যে অনুমতি দেওয়া হয়েছিল, সুপ্রিম কোর্টও সেই রায় বহাল রেখেছে। কিন্তু এখন যদি এই নতুন চারটি অ্যাকাউন্ট ব্যবহারের পূর্ণাঙ্গ অনুমতি দেওয়া হয়, তবে আদালতের আগের নির্দেশের গুরুত্ব বা গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন হবে।

আদালত নির্দেশ দিয়েছে, সমস্ত পক্ষের হলফনামা আদানপ্রদানের পর একসঙ্গে এই মামলাগুলির শুনানি হবে। ফলস্বরূপ, আপাতত এই চারটি অ্যাকাউন্ট খোলার অনুমতি মিলছে না এবং মামলার পরবর্তী শুনানি আগামী নভেম্বর মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে।