শতকরা ১০০ ভাগ লক্ষ্য! বিপুল ভোটদান কি নবান্নের পথ আরও সহজ করছে তৃণমূলের? মুখ খুললেন কুণাল ঘোষ

বাংলার মসনদ কার দখলে থাকবে? দ্বিতীয় দফার ভোট চলাকালীনই সেই উত্তরের ইঙ্গিত দিলেন বেলেঘাটা কেন্দ্রের হেভিওয়েট তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। বুধবার রাজ্যের ১৪২টি আসনে ভোটগ্রহণ চলাকালীন সংবাদ সংস্থা এএনআই-কে (ANI) দেওয়া এক সাক্ষাৎকারে কুণাল ঘোষ দাবি করেন, ভোটদানের হার যত বাড়বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় ফেরার সম্ভাবনা ততটাই উজ্জ্বল হবে।

বুথে বুথে লম্বা লাইন: আত্মবিশ্বাসী ঘাসফুল শিবির আজ সকাল থেকেই বুথে বুথে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে বেলেঘাটার বিভিন্ন বুথে ভোটদানের লম্বা লাইন দেখা যায়। নিজের জয়ের বিষয়ে ১০০ শতাংশ নিশ্চিত হয়ে কুণাল ঘোষ বলেন,

“আমাদের লক্ষ্য স্পষ্ট—শতভাগ জয়। একটা কথা জেনে রাখবেন, যত বেশি মানুষ বুথমুখী হবেন এবং যত বেশি ভোট পড়বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় ফেরার সম্ভাবনা ততটাই শক্তিশালী হবে।”

শান্তিপূর্ণ ভোটের দাবি ভোটের পরিবেশ নিয়ে কুণাল আরও যোগ করেন যে, হাতেগোনা কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোটগ্রহণ প্রক্রিয়া অত্যন্ত শান্তিপূর্ণভাবেই এগোচ্ছে। তৃণমূলের কর্মীরা এবং এজেন্টরা প্রতিটি বুথে সজাগ রয়েছেন। কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পেলেই তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

রেকর্ড ভোটদানের পরিসংখ্যান ২০২৬ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটার সংখ্যা ৩ কোটি ২১ লক্ষ ৭৫ হাজারের বেশি। বিকেল ৩টে পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, ভোট পড়েছে প্রায় ২ কোটি ৫৩ লক্ষ ১৫ হাজার। সব মিলিয়ে ভোট শেষের তিন ঘণ্টা আগেই ভোটদানের হার ৮৬.৩৫ শতাংশে পৌঁছে গেছে, যা রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিপুল ভোটদান কি সরকার পরিবর্তনের ইঙ্গিত, নাকি মমতার হ্যাটট্রিক নিশ্চিত করতে মানুষের সমর্থন? কুণাল ঘোষের এই ‘কনফিডেন্স’ শেষ পর্যন্ত শেষ হাসি কার মুখে ফোটায়, এখন সেটাই দেখার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy