ড্রাই আই’ : চোখের শুষ্কতা থেকে মুক্তির কিছু উপায় জেনেনিন

চোখের মনি একপাশ থেকে অন্যপাশে ঘোরাতে কষ্ট হওয়া বা চোখের ভেতর শুষ্ক হয়ে যাওয়া—এমন সমস্যা আজকাল অনেকেই অনুভব করেন। স্বাভাবিকভাবে তাকিয়ে থাকাও কষ্টকর হয়ে ওঠে। চোখের এই সাধারণ সমস্যাটিকে বলা হচ্ছে ‘ড্রাই আই’। চোখ যখন তার প্রয়োজন মাফিক পর্যাপ্ত অশ্রু (Tear) উৎপন্ন করতে পারে না অথবা মানসম্পন্ন অশ্রু উৎপন্ন করতে পারে না, তখনই এই সমস্যা দেখা দেয়।

দীর্ঘসময় কম্পিউটার, মোবাইল, টিভি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা, ধোঁয়ার সংস্পর্শে আসা, তীব্র আলোযুক্ত স্থানে তাকিয়ে থাকা ও বয়সজনিত কারণে মূলত ড্রাই আই সমস্যাটি দেখা দেয়। এ সমস্যায় সাধারণত চোখের ডাক্তাররা আই ড্রপ ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন, যা চোখের ভেতরে লুব্রিকেন্টের কাজ করে এবং শুষ্কতা কমিয়ে আনে।

তবে, আই ড্রপ ব্যবহার ছাড়াও কিছু সহজ ও কার্যকর পদ্ধতি জানা থাকলে ড্রাই আই’র সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া সম্ভব, যা চোখের কোনো ক্ষতিও করবে না।

ড্রাই আই থেকে মুক্তির কার্যকর উপায়সমূহ:
১. গরম ভাপ নেওয়া:
হালকা ও আরামদায়ক গরম ভাপ চোখের ভেতরের অংশের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে অশ্রু উৎপাদনকে ত্বরান্বিত করে। একই সাথে গরম ভাপ আইলিড গ্ল্যান্ডের তেল নিঃসরণের মাত্রা বৃদ্ধি করে এবং চোখের অস্বস্তি কমিয়ে আরাম দেয়। গরম ভাপের জন্য মাঝারি আকারের নরম ও পরিষ্কার তোয়ালে গরম জলে চুবিয়ে জল নিংড়ে নিতে হবে। এবারে এই গরম তোয়ালে রোল করে বা ভাঁজ করে চোখের উপর কয়েক মিনিটের জন্য দিয়ে রাখতে হবে। প্রতিদিন দুইবার এভাবে গরম ভাপ নিলে তিন-চার দিনের মাঝেই চোখের সমস্যা কমে যাবে।

২. চোখের পাতা পরিষ্কার করা:
চোখের পাতা ভালোভাবে পরিষ্কার করার মাধ্যমেও অশ্রু উৎপাদনকে উৎসাহিত করা যায়। চোখের পাতা পরিষ্কার করা খুব সহজ একটি প্রক্রিয়া। ক্ষারমুক্ত বেবি শ্যাম্পু হাতের আঙুলে নিয়ে ঘষে ফেনা তৈরি করতে হবে। এবারে চোখ বন্ধ করে চোখের উপরের পাতার লাইন বরাবর ধীরে ধীরে ম্যাসাজ করতে হবে এবং পুরো সময়টুকু চোখ বন্ধ রাখতে হবে। এরপর কুসুম গরম জলে চোখের পাতা ধুয়ে নিতে হবে। ড্রাই আই’র সমস্যা থেকে দূরে থাকতে প্রতিদিন রাতে একবার এভাবে চোখ পরিষ্কার করলে উপকার পাওয়া যাবে।

৩. ক্যাফেইন গ্রহণ:
গবেষণার তথ্য মতে, ক্যাফেইন টিয়ার গ্ল্যান্ডের (Tear gland) উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখে। যাদের ইনসমনিয়ার সমস্যা এবং ক্যাফেইন সেনসিটিভিটি নেই, তাদের জন্য ক্যাফেইন গ্রহণ কার্যকর ভূমিকা রাখতে পারে। গবেষণায় অংশ নেওয়া স্বেচ্ছাসেবীদের ওজনের ওপর নির্ভর করে ২-৬ কাপ পর্যন্ত কফি পান করতে দেওয়া হয়েছিল, যা তাদের অশ্রু তৈরিতে সাহায্য করেছিল বলে জানানো হয়।

৪. সানগ্লাস ব্যবহার করা:
বাইরে থাকাকালীন সময়ে, বিশেষ করে প্রবল হাওয়া ও আলোযুক্ত স্থানে অবশ্যই সানগ্লাস ব্যবহার করতে হবে। ড্রাই আই’র সমস্যা নিয়ে যদি স্ক্রিন ওয়ার্ক করতে হয়, অর্থাৎ কম্পিউটার ও মোবাইল ব্যবহার করা প্রয়োজন হয়, তবে সানগ্লাস পরে এরপর কাজ করতে হবে। সানগ্লাস আলোকে স্তিমিত করে চোখে পৌঁছায়, এতে করে চোখের ওপর চাপ কম পড়বে ও সমস্যা কম হবে।