প্রতিদিন একটি আপেল দূরে রাখবে ডাক্তারের কাছ থেকে’ – এই প্রবাদটি আপেলের অশেষ গুণাগুণের জন্যই প্রচলিত। প্রতিটি ফলই স্বাস্থ্যের জন্য উপকারী হলেও, আপেলের স্থান যেন সবার ওপরে। কিন্তু কেন শুধু সকালের নাশতাতেই আপেল খাওয়ার কথা বলা হয়? চমৎকার এই ফলটি তো দিনের যেকোনো সময়েই খাওয়া যায়। আয়ুর্বেদ শাস্ত্র এবং আধুনিক গবেষণা কী বলে, চলুন জেনে নিই।
সকালে আপেল খাওয়ার বিশেষত্ব
আয়ুর্বেদ শাস্ত্র জানাচ্ছে, সকাল ছাড়া দিনের অন্য সময়ে আপেল খাওয়া হলে এর রোগ প্রতিরোধকারী উপকারিতা সম্পূর্ণভাবে পাওয়া সম্ভব হয় না। প্রতিটি খাদ্য উপাদান গ্রহণের ধরণ ও সময়ের ওপর তার কার্যকারিতা নির্ভর করে। সেদিক থেকে বলতেই হয়, সকালের নাশতায় রুটি বা ওটস খাওয়ার পর আপেল খেলে সবচেয়ে বেশি উপকারিতা পাওয়া যাবে।
শুধু আয়ুর্বেদ শাস্ত্র নয়, গবেষণার তথ্যও একই কথা বলছে। সকালে আপেল খাওয়ার ফলে এর উপকারিতা সবচেয়ে বেশি পাওয়া যায়। কারণ আপেলে থাকে পর্যাপ্ত পরিমাণে আঁশ ও পেকটিন। যাদের হজমজনিত সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই দুটি উপাদান খুব ভালো কাজ করে। সকালে আপেল খেলে বাওয়েল মুভমেন্টের ক্ষেত্রে এটি অন্য যেকোনো ফলের চেয়ে বেশি কার্যকর।
পেকটিনের ম্যাজিক
আপেলে থাকা পেকটিন পাকস্থলীর ল্যাকটিক অ্যাসিড এবং কোলনে বৃদ্ধি পাওয়া উপকারী ব্যাকটেরিয়াকে সুরক্ষিত রাখে। ফলে খাদ্য পরিপাক হয় খুব ভালোভাবে এবং পাকস্থলীজনিত সমস্যা অনেকটা কমে যায়। এছাড়াও, পেকটিনের আরেকটি চমৎকার ইতিবাচক গুণ হলো, এটি শরীরের টক্সিন উপাদান ও ক্যানসার সৃষ্টিকারী ক্ষতিকর উপাদান শরীর থেকে বের করে দিতে সাহায্য করে।
দিনের অন্য সময়ে আপেল খেলে কী হয়?
সকাল ছাড়া দিনের অন্য সময়ে, যেমন বিকেল বা সন্ধ্যায় আপেল খেলে কি উপকারিতা পাওয়া যাবে না? অবশ্যই যাবে, তবে জেনে রাখা প্রয়োজন আপেল হলো ‘প্রো-ডায়জেস্টিভ ফ্রুট’, যা খুব দ্রুত খাবার হজম হতে সাহায্য করে। এ কারণে বিকেল-সন্ধ্যা বা রাতে আপেল খাওয়ার ফলে ঘনঘন ক্ষুধাভাব, গ্যাসের সমস্যা বা পেটে ব্যথাও দেখা দিতে পারে।
এছাড়া আপেলে থাকা অর্গানিক অ্যাসিড পাকস্থলীর অ্যাসিডের মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বাড়িয়ে দেয়, যা কিছু ক্ষেত্রে বাওয়েল মুভমেন্টের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে। সকালে আপেল খাওয়ার পর সারাদিনে কয়েকবার খাবার খাওয়া হয়, যা এই অ্যাসিডের মাত্রাকে সাম্যাবস্থায় নিয়ে আসে। এই কারণেই সকালে হালকা নাশতার পর এই উপকারী ফলটি খাওয়া হলে সর্বোচ্চ উপকারিতা পাওয়া যাবে।





