‘এটাই সনাতনের তাকত’,প্রিজ়ন ভ্যান কাণ্ড স্মরণ করিয়ে মমতাকে নিশানা শুভেন্দুর

গত বছর কাকদ্বীপে কালী মূর্তিকে প্রিজ়ন ভ্যানে তোলার ঘটনায় রাজ্য রাজনীতিতে যে তোলপাড় শুরু হয়েছিল, তার রেশ এখনও কাটেনি। শনিবার কাকদ্বীপের মাটি থেকেই সেই বিতর্কিত স্মৃতি উসকে দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় বিঁধলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, মা কালীর অপমানের নির্দেশ দেওয়ার ফল হাতেনাতে পেয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, যার জেরে মহালয়ার দিন দিল্লিতে তাঁকেও প্রিজ়ন ভ্যানে উঠতে হয়েছে!
ঠিক কী বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
শনিবার কাকদ্বীপে আয়োজিত একটি সরকারি কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্মরণ করিয়ে দেন যে, কাকদ্বীপে যে আইপিএস অফিসারের নেতৃত্বে কালীমূর্তিকে প্রিজ়ন ভ্যানে তোলা হয়েছিল, রাজ্যে ক্ষমতা বদলের পর সেই বিতর্কিত আইপিএস অফিসার কোটেশ্বর রাও-কে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ শানিয়ে তিনি বলেন, “মা কালীকে প্রিজ়ন ভ্যানে তোলা হয়েছিল। যিনি তুলেছিলেন, সেই আইপিএস অফিসারকে আমরা সাসপেন্ড করেছি। মা কালীর অপমান আমরা কখনও মেনে নেব না। যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশে মা কালীকে প্রিজ়ন ভ্যানে তোলা হয়েছিল, তাঁকেও মহালয়ার দিন দিল্লিতে প্রিজ়ন ভ্যানে উঠতে হয়েছে। এটাই সনাতনের শক্তি, এটাই মা দুর্গা ও মা কালীর আসল শক্তি।”
নেপথ্যে কোন স্মৃতি?
উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবর মাসে কাকদ্বীপের সূর্যনগরে একটি কালীমন্দিরে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা হামলা চালায় এবং প্রতিমা ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে। সেই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভাঙা প্রতিমাটি সরানোর চেষ্টা করে। কিন্তু সেই সময় পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, তারা শ্রদ্ধার বদলে প্রতিমাটিকে প্রিজ়ন ভ্যানে তুলে নিয়ে যায়। ওই ঘটনা সামনে আসতেই দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছিল এবং তৎকালীন বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীও সুর চড়িয়েছিলেন।
কাকদ্বীপের সেই পুরনো ঘটনাই শনিবার নতুন করে রাজনীতির প্রধান চর্চার বিষয় হয়ে উঠল।