হঠাৎ কেন এই সিদ্ধান্ত? ভারতীয় মহিলা দলের অধিনায়কত্ব ছাড়লেন বিশ্বকাপজয়ী তারকা হরমনপ্রীত কৌর!

ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন দলের সফলতম তারকা তথা বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর। মঙ্গলবার নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি দীর্ঘ এবং আবেগঘন পোস্ট শেয়ার করে তিনি এই বড় সিদ্ধান্তের কথা জানান। তবে নেতৃত্ব ছাড়লেও তিনি জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন বলে স্পষ্ট করে দিয়েছেন। সম্প্রতি গুয়াহাটিতে ভারতীয় মহিলা দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দলের সিনিয়র ক্রিকেটার হরমনপ্রীত কৌর, সহ-অধিনায়িকা স্মৃতি মান্ধানা এবং হেড কোচ অমল মজুমদারের উপস্থিতিতে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া আলোচনায় অংশ নেন। এই বৈঠকের পরেই হরমনপ্রীতের এমন ঐতিহাসিক সিদ্ধান্ত সামনে এল।
ক্রিকেট মহলের খবর, আগামী দিনে তিন ফরম্যাটেই হরমনপ্রীতের স্থলাভিষিক্ত হতে পারেন তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা। ২০১২ সালে প্রথমবারের মতো অস্থায়ীভাবে ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন হরমনপ্রীত। তাঁরই নেতৃত্বে সেই বছর মহিলা টি-২০ এশিয়া কাপ জিতেছিল ভারত। এরপর ২০১৬ সালে তাঁকে দলের স্থায়ী বা পূর্ণ সময়ের অধিনায়ক করা হয়। দীর্ঘ বর্ণময় কেরিয়ারে ৩৭ বছর বয়সী হরমনপ্রীত ভারতের হয়ে ৫টি টেস্ট, ৫১টি একদিনের ম্যাচ এবং ১৫৫টি টি-টোয়েন্টি ম্যাচে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন। সদ্য তাঁরই অধিনায়কত্বে এশিয়ান গেমসে সোনা জিতেছে ভারতীয় দল।
ইনস্টাগ্রাম পোস্টে হরমনপ্রীত লিখেছেন, “আমি ভারতীয় মহিলা দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু বছরের স্মৃতি, আবেগ, ত্যাগ এবং এমন অসংখ্য মুহূর্ত, যা সারাজীবন আমার সঙ্গে থাকবে।” দলের স্বার্থে নিজের সর্বস্ব উজাড় করে দেওয়ার কথা উল্লেখ করে তিনি জানান, দলকে এগিয়ে নিয়ে যাওয়ার তাগিদে অনেক সময় নিজের ব্যক্তিগত পারফরম্যান্স এবং কিছু লক্ষ্যকে পিছিয়ে রাখতে হয়েছে। অধিনায়ক হিসেবে দলের ভবিষ্যৎ মজবুত করতে তাঁকে বেশ কিছু কঠিন সিদ্ধান্তও নিতে হয়েছে। তাঁর প্রধান লক্ষ্যই ছিল সতীর্থদের নিজেদের সেরাটা দেওয়ার সুযোগ করে দেওয়া।
দেশের হয়ে বহু জয়ের আনন্দ, কঠিন সময়ের সমালোচনা ও ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের স্মৃতিচারণ করে হরমনপ্রীত জানান, ভারতীয় দল এখন অত্যন্ত সঠিক ও উজ্জ্বল একটি জায়গায় রয়েছে। অধিনায়কত্ব ছাড়লেও দলের একজন খেলোয়াড় হিসেবে সেই ভবিষ্যৎ দেখতে মুখিয়ে রয়েছেন তিনি। বিসিসিআই, কোচ, সাপোর্ট স্টাফ, পরিবার ও অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, অধিনায়কের অধ্যায় শেষ হলেও ক্রিকেটের প্রতি তাঁর ভালবাসা কখনও কমবে না। এখন থেকে কেবল খেলার টানেই মাঠে নামবেন তিনি।