জয় হাতছানি দিল পিরামিডের দেশে! বেলজিয়ামের বিরুদ্ধে ড্র করে আক্ষেপ মিশরের

বিশ্বকাপের মঞ্চে জয় এখনও অধরা মিশরের কাছে। এর আগে তিনবার বিশ্বমঞ্চে অংশ নিলেও একটি ম্যাচেও জয়ের মুখ দেখেনি পিরামিডের দেশ। চতুর্থবার বিশ্বকাপ খেলতে নেমে সোমবার বেলজিয়ামের বিরুদ্ধে জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েও শেষ পর্যন্ত ১-১ ড্র করেই সন্তুষ্ট থাকতে হলো তাদের। সিয়াটলে আয়োজিত গ্রুপ-জি’র এই হাইভোল্টেজ ম্যাচে শক্তিশালী বেলজিয়ামকে রুখে দিয়ে এক পয়েন্ট ছিনিয়ে নিল মিশর।

ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিল মিশর। ২১ মিনিটে মোহামেদ সালাহর নিখুঁত পাস থেকে ইমাম আশৌরের জোরালো ভলি সরাসরি বেলজিয়ামের জালে জড়িয়ে যায়। সতীর্থ আল আহলি ফুটবলারকে গোলের বলটি সাজিয়ে দিয়েছিলেন স্বয়ং সালাহ। বক্সের বাইরে প্রায় ২০ গজ দূর থেকে আশৌরের সেই ভলি সামলানোর কোনো সুযোগই ছিল না বেলজিয়াম গোলরক্ষক থিবো কুর্তোয়ার। প্রথমার্ধের শেষলগ্নে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল মিশর, তবে মোস্তাফা জিকোর শট দারুণ ক্ষিপ্রতায় আটকে দিয়ে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন কুর্তোয়া।

দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে বেলজিয়াম কোচ রুডি গার্সিয়া ৬৬ মিনিটে মাঠে নামান তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকুকে। মাঠে নামার কয়েক সেকেন্ডের মধ্যেই তার প্রভাব পড়ে ম্যাচে। লুকাকুকে আটকাতে গিয়ে ভুল করে বসেন মিশরের ডিফেন্ডার মোহামেদ হ্যানি। ক্লিয়ার করতে গিয়ে বল নিজেদের জালেই ঠেলে দেন তিনি। এর আগে অবশ্য বেলজিয়ামের কেভিন ডি ব্রুয়েনার একটি ফ্রি-কিক পোস্টে লেগে প্রতিহত হয়েছিল। গোল শোধের পরেও বেলজিয়াম মিশরের রক্ষণে ব্যাপক চাপ সৃষ্টি করেছিল, কিন্তু শেষ পর্যন্ত কোনো দলই আর গোলের মুখ খুলতে পারেনি।

ম্যাচের শেষদিকে সালাহর একটি দারুণ হেডার ফের দুর্দান্ত দক্ষতায় রক্ষা করেন কুর্তোয়া। ফিরতি বল পেয়েও গোল করতে ব্যর্থ হন আশৌর। শেষ পর্যন্ত লড়াই করে এক পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়ে দুই দল। বিশ্বকাপের গ্রুপ-জি’র অন্য ম্যাচেও ছিল নাটকীয়তা। আবদুলেলাহ আল-আমরির গোলে ৪১ মিনিটে সৌদি আরব লিড নিলেও শেষরক্ষা হয়নি। ৮০ মিনিট পর্যন্ত দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে আটকে রেখেছিল সৌদি, কিন্তু শেষ পর্যন্ত ম্যাক্সিমিলিয়ানো আরাউজোর গোলে হার বাঁচায় উরুগুয়ে। সব মিলিয়ে ফুটবল প্রেমীদের কাছে সোমবারের বিশ্বকাপ ম্যাচগুলো ছিল টানটান উত্তেজনায় ঠাসা।