আর দেখা যাবে না সেই বিধ্বংসী শট! ১৪ বছরের বর্ণময় কেরিয়ারে পূর্ণচ্ছেদ টেনে অবসর নিলেন গ্লেন ম্যাক্সওয়েল!

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। দীর্ঘ ১৪ বছরের এক বর্ণময় ও রোমাঞ্চকর কেরিয়ারে ইতি টেনে ৩৮ বছর বয়সে খেলা ছাড়ার সিদ্ধান্ত নিলেন এই অজি ক্রিকেটার। ২০১২ সালের অগাস্ট মাসে আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে আত্মপ্রকাশ ঘটেছিল তাঁর। এরপর এক দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের বিধ্বংসী ব্যাটিং ও কার্যকরী বোলিং দিয়ে ক্রিকেটপ্রেমীদের মন্ত্রমুগ্ধ করে রেখেছেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে টি-২০ বিশ্বকাপে ওমানের বিরুদ্ধে ম্যাচটিই আন্তর্জাতিক আঙিনায় তাঁর শেষ ম্যাচ হয়ে রইল।
সীমিত ওভারের ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন ম্যাক্সওয়েল। টেস্ট ক্রিকেটে তিনি খুব বেশি সুযোগ না পেলেও ২০১৩ সালের মার্চে ভারতের বিরুদ্ধে ক্রিকেটের দীর্ঘতম বিন্যাসে তাঁর অভিষেক ঘটেছিল। অজিদের হয়ে তিনি ১৪৯টি ওয়ানডে, ১৩০টি টি-২০ আন্তর্জাতিক এবং ৭টি টেস্ট ম্যাচ খেলেছেন। অস্ট্রেলিয়ার ঐতিহাসিক ২০১৫ ও ২০২৩ সালের আইসিসি ওডিআই বিশ্বকাপ জয় এবং ২০২১ সালের টি-২০ বিশ্বকাপ জয়ের অন্যতম প্রধান কারিগর ছিলেন তিনি।
ম্যাক্সওয়েলের কেরিয়ারের সবচেয়ে স্মৃতিমধুর ও অবিশ্বাস্য মুহূর্তটি এসেছিল ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে। মুম্বাইয়ে আফগানিস্তানের বিরুদ্ধে প্রায় হেরে যাওয়া ম্যাচে ক্র্যাম্পে কাবু হয়েও এক পায়ে ভর করে তাঁর খেলা অপরাজিত ২০১* রানের ঐতিহাসিক ইনিংসটি ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অল-টাইম নক হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ১২৬.৭ স্ট্রাইক রেটে ৩,৯৯০ রান এবং টি-২০ ক্রিকেটে ১৫৪.৪ স্ট্রাইক রেটে ২,৮৯৭ রান সংগ্রহ করেছেন তিনি। তিন বিন্যাস মিলিয়ে ১০টি শতরান এবং ১৩৬টি উইকেটের মালিক তিনি। তাঁর অবসরে অস্ট্রেলিয়ান ক্রিকেটের এক রূপকথার অধ্যায়ের অবসান ঘটল।