আইএসএলে বড় ধাক্কা! ১৩ দলের লিগে কি স্থগিত থাকছে অবনমন? বড় সিদ্ধান্তের পথে এআইএফএফ

আসন্ন ইন্ডিয়ান সুপার লিগ (ISL) মরশুমে অবনমন বা রেলিগেশন পদ্ধতি স্থগিত রাখার বিষয়ে গুরুত্ব দিয়ে চিন্তা ভাবনা শুরু করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের সংখ্যা কমে ১৩টিতে নেমে আসায় মূলত এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিয়ম অনুযায়ী আই-লিগ বা জাতীয় লিগ জিতে আইএসএলে খেলার ঐতিহাসিক যোগ্যতা অর্জন করেছিল ডায়মন্ড হারবার এফসি। কিন্তু শীর্ষ লিগে খেলার জন্য প্রয়োজনীয় রেজিস্ট্রেশন ফি পুরোপুরি জমা দিতে ব্যর্থ হয় ক্লাবটি। মোট ১.১ কোটি টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হতো ডায়মন্ড হারবারকে, যার মধ্যে মাত্র ৫৫ লক্ষ টাকা পরিশোধ করা সম্ভব হয় এবং বাকি অর্থ পুরস্কারের টাকা থেকে অ্যাডজাস্ট করা হয়। আর্থিক জটিলতা ও নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ ফি জমা না দেওয়ায় চলতি মরশুমে তাদের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। লিগে মাত্র ১৩টি দল অংশগ্রহণ করায় অন্যান্য আইএসএল ক্লাবগুলির মধ্যে প্রতিযোগিতার সমীকরণ ও নিয়ম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে এফসি গোয়ার মতো ক্লাবগুলির পক্ষ থেকে লিখিতভাবে জানতে চাওয়া হয়েছে যে, এমন পরিবর্তিত পরিস্থিতিতে চলতি মরশুমে অবনমনের নিয়ম বহাল থাকবে কি না। যদিও এআইএফএফের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে যে লিগ কমিটি এবং এক্সিকিউটিভ কমিটি পরিস্থিতি বিবেচনা করে এক মরশুমের জন্য অবনমন স্থগিত রাখার পক্ষে মত দিতে পারে। ২০১৪ সালে সংক্ষিপ্ত টুর্নামেন্ট হিসেবে শুরু হওয়া আইএসএলে দীর্ঘকাল কোনো রেলিগেশন প্রথা ছিল না। গত মরশুমে মহমেডান স্পোর্টিংয়ের অবনমনের মাধ্যমেই প্রথমবার এই লিগে রেলিগেশন চালু হয়েছিল। তবে প্রোমোশন পাওয়া দল খেলতে না পারার কারণে ১৩ দলের এই লিগে ফের একবার নিয়মের মারপ্যাঁচে বড় বদলের সম্ভাবনা তৈরি হয়েছে।