পূর্ব রেলের মেগা পরিকল্পনা! পুজোয় চলবে ১৩৫৪টি স্পেশাল ট্রেন, গভীর রাত পর্যন্ত কোন কোন রুটে মিলবে লোকাল?

দুর্গাপুজো এবং ছটপুজোর মরসুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সফলভাবে সামাল দিতে বিশাল প্রস্তুতি শুরু করেছে পূর্ব রেল। উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষের যাতায়াত মসৃণ করতে ২০২৬ সালে মোট ১৩৫৪টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছরের তুলনায় এই স্পেশাল ট্রিপের সংখ্যা প্রায় ১২ শতাংশ বাড়ানো হয়েছে বলে রেল সূত্রে খবর।

পূর্ব রেল জানিয়েছে, চলতি বছর দুর্গাপুজো ও ছটপুজো মিলিয়ে মোট ১৩৫৪টি স্পেশাল ট্রিপ চালানো হবে। এর মধ্যে শুধু দুর্গাপুজোর দিনগুলির জন্য থাকছে ৬৩৯টি এবং ছটপুজোর জন্য ৭১৫টি স্পেশাল ট্রিপের ব্যবস্থা। গত বছর এই সংখ্যাটি ছিল ১২০৮। পাশাপাশি, পুজোর রাতে শহরতলির সাধারণ যাত্রীদের সুবিধার্থে লোকাল ট্রেনের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হচ্ছে, যার ফলে গভীর রাত পর্যন্ত ট্রেন পরিষেবা সচল থাকবে।

উৎসবের কদিন প্যান্ডেল হপিং এবং কেনাকাটার জন্য রাতের দিকে স্টেশনে উপচে পড়া ভিড় দেখা যায়। সেই কথা মাথায় রেখেই রাতের লোকাল ট্রেনের ট্রিপ একলাফে প্রায় ৬১ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু যাতায়াত নয়, যাত্রীদের সামগ্রিক নিরাপত্তা, চিকিৎসা সহায়তা এবং স্টেশনের ভিড় নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি চালাবে রেল প্রশাসন। পুজোর কদিন শহর ও তদ্সংলগ্ন এলাকার মানুষের যাতায়াতের চাপ কমাতে এই মেগা আয়োজন বড় স্বস্তি নিয়ে আসবে বলেই আশা করা হচ্ছে।