UPI ব্যবহারে বড় ধাক্কা না কি স্বস্তি? শপিং, রিচার্জ থেকে ট্রেনের টিকিটে খরচের নতুন খতিয়ান

ডিজিটাল ভারতে কোটি কোটি মানুষের দৈনন্দিন লেনদেনের মূল মাধ্যম হয়ে উঠেছে ইউপিআই (UPI)। ফোনপে, গুগল পে বা পেটিএমের মাধ্যমে এক ক্লিকেই টাকা আদান-প্রদান এখন অভ্যাসে পরিণত। তবে এবার সেই অভ্যাসে আসছে একটি বড়সড় পরিবর্তন। আগামী ১৫ অক্টোবর ২০২৬ থেকে চালু হতে চলেছে ইউপিআই-এর নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর (MDR) ফ্রেমওয়ার্ক। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের এই নতুন নির্দেশিকা নিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে নানা প্রশ্ন। জেনে নিন কোথায় টাকা কাটবে আর কোথায় কাটবে না।
কেন্দ্রীয় অর্থ মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই নতুন নিয়ম কেবল ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট কিছু ব্যবসায়িক বা মার্চেন্ট (P2M) লেনদেনের ওপর প্রযোজ্য হবে। সবচেয়ে স্বস্তির খবর হলো, সাধারণ গ্রাহকদের ব্যক্তিগত লেনদেনে (P2P) এটি কোনো প্রভাব ফেলবে না এবং ছোট দোকানদারদের ক্ষেত্রেও থাকছে বিশেষ ছাড়।
কোন ১০টি ক্ষেত্রে ২০০০ টাকার বেশি পেমেন্টে লাগতে পারে চার্জ?
অর্থ মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট কিছু খাতে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেট প্রযোজ্য হবে:
১. সাধারণ মার্চেন্ট বা বড় দোকানদারের পেমেন্ট
২. ট্রেনের টিকিট বুকিং
৩. মোবাইল ও টেলিকম রিচার্জ
৪. বিমা বা ইন্স্যুরেন্সের প্রিমিয়াম জমা
৫. পেট্রোল ও ডিজেলের মূল্য মেটানো
৬. বীজ বা সারের মতো কৃষি উপকরণের কেনাকাটা
৭. মিউচুয়াল ফান্ড বিনিয়োগ
৮. সিকিউরিটিজ সংক্রান্ত পেমেন্ট
৯. স্টকব্রোকার পেমেন্ট
১০. শেয়ার বাজারের ডিলারদের পেমেন্ট
চার্জের হার ও খরচের হিসাব
বিভিন্ন খাতের জন্য নতুন এমডিআর রেট আলাদাভাবে ঠিক করা হয়েছে:
সাধারণ মার্চেন্ট পেমেন্ট: ২০০০ টাকার বেশি পেমেন্টের ক্ষেত্রে ০.৪% এমডিআর প্রযোজ্য হবে। তবে ৭৫,০০ বা তার বেশি অঙ্কের লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ চার্জ ৩০০ টাকায় সীমাবদ্ধ রাখা হয়েছে (ক্যাপিং)।
জরুরি ও অত্যাবশ্যকীয় ক্ষেত্র (রেল, জ্বালানি, বিমা, টেলিকম): কম মার্জিনের এই ক্ষেত্রগুলিতে শতাংশের হিসাবের বদলে পেমেন্টপিছু মাত্র ৫ টাকা ফ্ল্যাট চার্জ নেওয়া হবে।
শেয়ার বাজার ও মিউচুয়াল ফান্ড: ক্যাপিটাল মার্কেটের কেনাবেচায় ০.২% সাধারণ এমডিআর চার্জ ধার্য হবে, যার সর্বোচ্চ সীমা ৩০০ টাকা।
ছোট ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের জন্য বড় স্বস্তি
নতুন নিয়মে ছোট ব্যবসায়ীদের জন্য রয়েছে বড়সড় স্বস্তি। যে সব ছোট ব্যবসায়ীর (P2PM) কিউআর কোডে মাসিক লেনদেনের পরিমাণ ১ লাখ টাকা পর্যন্ত, তাঁদের কোনো লেনদেনেই চার্জ দিতে হবে না। অর্থাৎ পাড়ার মোড়ের ছোট দোকানদারদের এই নিয়মের বাইরে রাখা হয়েছে।
অন্য দিকে, ব্যাংক বা কোনো পেমেন্ট অ্যাপ (গুগল পে, ফোনপে ইত্যাদি) সাধারণ গ্রাহকদের থেকে অতিরিক্ত কোনো হিডেন বা প্ল্যাটফর্ম ফি নিতে পারবে না। অর্থ মন্ত্রক স্পষ্ট বার্তা দিয়েছে যে, এই এমডিআর চার্জের বোঝা মার্চেন্টদের জন্য, গ্রাহকদের ওপর এটি কোনোভাবেই চাপানো যাবে না। ব্যক্তি-থেকে-ব্যক্তি (P2P) টাকা পাঠানো সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। পরিসংখ্যান অনুযায়ী, দেশের প্রায় ৯৬% মার্চেন্ট ট্রানজেকশনে এই নতুন নিয়মের কোনো প্রভাব পড়বে না।