SIR-ফর্মে ভুল হলে কী করবেন? ছবি কেমন লাগবে? সব সংশয় দূর করল নির্বাচন কমিশন

আসন্ন ভোটার তালিকা সংশোধনের (SIR) প্রক্রিয়া নিয়ে এখনও সাধারণ মানুষের মধ্যে বেশ কিছু বিভ্রান্তি রয়েছে। কে এই গুরুত্বপূর্ণ ফর্ম ফিল আপ করবেন, তা বাংলায় হবে নাকি অন্য কোনো ভাষায়, এমনকী ফর্মে কোন কালি ব্যবহার করা হবে—এনুমারেশন পর্বের মাঝেই এই প্রশ্নগুলি এখন বাংলার ভোটারদের মনে ঘুরপাক খাচ্ছে। ভোটারদের মনের এই সংশয় কাটাতে এবার সরাসরি জবাব নিয়ে হাজির হয়েছে নির্বাচন কমিশন।
পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী এই সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছেন, যা প্রত্যেক ভোটারের জানা আবশ্যক।
১. ফর্ম কে ফিল আপ করবেন?
গত ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি বুথ লেভেল অফিসাররা (BLO) এনুমারেশন ফর্ম বিলি শুরু করেছেন। এই ফর্ম কে ফিল আপ করবেন?
সাধারণ নিয়ম: সাধারণত যাঁর ফর্ম, সেই নির্দিষ্ট ব্যক্তিরই এটি ফিল আপ করার কথা।
অক্ষম ব্যক্তির ক্ষেত্রে: যদি কোনও ব্যক্তি লিখতে অপারগ হন, তবে BLO অবশ্যই তাঁকে ফর্ম ফিলআপে সহায়তা করবেন। তবে, স্বাক্ষর করতে হবে নির্দিষ্ট ব্যক্তি অথবা তাঁর রক্ত সম্পর্কিত আত্মীয়কেই।
২. হোমে থাকা আবাসিকদের ফর্ম ফিলাপ কীভাবে?
কেউ যদি কোনো হোমে (বৃদ্ধাশ্রম, ইত্যাদি) থাকেন, তবে তাঁর ফর্ম কে ফিল আপ করবেন?
অরিন্দম নিয়োগী জানান, কেউ হোমে থাকলে বেসরকারি হোম কর্তৃপক্ষ ফর্ম ফিলআপ বা স্বাক্ষর করতে পারবেন, কিন্তু অবশ্যই BLO-কে গোটা বিষয়টি লিপিবদ্ধ করে রাখতে হবে।
৩. কোন ভাষায় ফর্ম ফিলাপ করতে হবে?
ফর্ম ফিল আপ করার জন্য নির্দিষ্ট ভাষার ক্ষেত্রে আলাদা করে কোনও কড়া নির্দেশিকা নেই।
কমিশনের পরামর্শ: পশ্চিমবঙ্গের জনপ্রতিনিধিত্ব আইনে ৩টি ভাষার কথা বলা আছে। কিছু বিধানসভায় বাংলা, কয়েকটিতে হিন্দি এবং কিছু জায়গায় ইংরেজি রয়েছে। সংশ্লিষ্ট ভাষাতেই ফর্ম ফিলআপ করা যাবে।
তবে কমিশন জানিয়েছে, কেউ যদি পুরোপুরি বাংলা, হিন্দি বা ইংরেজিতে ফর্ম পূরণ করেন, তাতেও অসুবিধা নেই। তবে বাংলা বা ইংরেজিতে করা সুবিধাজনক, কারণ রোলে যখন নাম আসবে তা মিলিয়ে নেওয়া যাবে। অনেক জায়গাতেই দেবনাগরী অক্ষরে (হিন্দি) রোল পাবলিশ হয় না।
৪. কলমের কালি কী হবে?
ফর্ম ফিলাপে কোন কালির কলম ব্যবহার করতে হবে?
অরিন্দম নিয়োগী বলেন, কালির বিষয়ে কোনও নির্দিষ্ট নির্দেশিকা নেই। তবে কালো বা নীল কালির পেন ব্যবহার করাই ভালো।
৫. ফর্মে কেমন ছবি লাগবে?
ফর্মে স্ট্যান্ডার্ড পাসপোর্ট সাইজ কালার ফটো বসানোর কথা বলা হয়েছে।
কমিশনের পরামর্শ, সাদা ব্যাকগ্রাউন্ডে ছবি হলে ভালো হবে। সেক্ষেত্রে প্রিন্ট ঠিক ঠাক আসবে।
৬. ফর্মে ‘রিলেটিভ’ কে হবেন?
SIR-এর এনুমারেশন ফর্মে ‘রিলেটিভ’-এর ক্ষেত্রে রক্তের সম্পর্ক রয়েছে এমন কারও নামই দিতে হবে।
বাবা, মা, পিতামহ বা মাতামহের নাম দিতে হবে। তবেই জন্মের পরিচয়পত্রের সঙ্গে তার সঠিক লিঙ্কেজ হবে।
৭. ফর্মে ভুল হলে বাতিল হবে?
এই বিষয়ে কমিশন একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে: কোনও তথ্যে ভুল হলে সেখানে পেন থ্রু করে পাশে সঠিক তথ্য লিখতে হবে।
নতুন তথ্য লেখার পরে সেখানে সই করা বাধ্যতামূলক।
বাংলায় প্রায় সাড়ে ৭ কোটি ভোটার। এত ভোটারের জন্য ডুপ্লিকেট ফর্ম বের করা কমিশনের জন্য কঠিন। তাই কমিশনের পরামর্শ, যে ফর্মটিতে তুলনামূলক কম কাটাকাটি হয়েছে, সেটি BLO-কে দিয়ে দিন। যেটিতে বেশি ভুল হয়েছে, সেটি ভোটার নিজের কাছে রেখে দিতে পারেন।