SIR প্রক্রিয়া নিয়ে মমতার ‘ভণ্ডামি’, তৃণমূলের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার অভিযোগ শুভেন্দুর, হাইকোর্টের হুঁশিয়ারি

এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে তৃণমূল কংগ্রেস (TMC) অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। শুভেন্দু অধিকারীর দাবি, “এসআইআর প্রক্রিয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভণ্ডামি। তিনি কলকাতায় যা বলেন, এয়ারপোর্টে দাঁড়িয়ে পাল্টে দেন, এই দ্বিচারিতা মানুষ দেখছে।” তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার এসআইআরকে এনআরসি বলে আখ্যা দিচ্ছেন এবং নির্বাচনী আধিকারিকদের হুমকি দিচ্ছেন।

‘অবৈধ মুসলিম ঢোকানোর চেষ্টা’র অভিযোগ
বিরোধী দলনেতার বিস্ফোরক অভিযোগ, তৃণমূল এসআইআর মিটিংয়ে অংশ নিয়েও ‘বাংলাদেশি অবৈধ মুসলিমদের ঢোকানোর চেষ্টা’ করেছে, কিন্তু সেই ‘ছক বানচাল’ হয়েছে। শুভেন্দুর দাবি, তৃণমূল শরনার্থী হিন্দুদের ভুল বোঝাচ্ছে, অথচ তারা এসআইআর গ্রহণ করেছে। তিনি আরও দাবি করেন, যখন BLO আধিকারিক গৌতম বাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন, তখন তিনি ফর্ম নিতে চেয়েছিলেন। শুভেন্দু প্রশ্ন তোলেন, “সব ভোটার কারা? মৃত ভোটার, রোহিঙ্গারা? আপনি এর ব্যাখ্যা দিন।”

তিনি আরও বলেন, তাঁর মুসলিম ভোট চাওয়ার উদ্দেশ্য ছিল না, বরং সমস্ত ভারতীয় মুসলিমের নাম তালিকায় থাকা উচিত।

দলীয় কার্যকলাপ ও আইনি পদক্ষেপের হুঁশিয়ারি
শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার পর্যন্ত প্রাপ্ত তথ্য উল্লেখ করে দেখান যে, বিজেপি এবং তৃণমূল উভয়ই এসআইআর প্রক্রিয়ায় অংশ নিচ্ছে, যা তৃণমূলের বিরোধিতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি নির্বাচন কমিশনকে মৃত ভোটারের তথ্য সংগ্রহে শ্মশান ও কবরস্থান থেকে তথ্য নেওয়ার জন্য প্রশংসা করেন। পাশাপাশি, তিনি এআই ফর্মুলা ব্যবহার করে ছবি স্ক্যান করার দাবি জানান যাতে ডাবল এন্ট্রি এড়ানো যায়। কলকাতা পুরসভায় প্রচুর ভুয়ো বার্থ সার্টিফিকেট থাকার অভিযোগে তিনি আরটিআই করেছেন এবং তথ্য না পেলে কোর্টে যাবেন বলেও হুঁশিয়ারি দেন।

পাশাপাশি, মতুয়া অনশন ইস্যুতে বামেদেরও আক্রমণ করেন শুভেন্দু। তিনি বলেন, মতুয়া অনশনের মাধ্যমে সুজন চক্রবর্তী ও শুভঙ্কর সরকাররা হিন্দু ভোট ভাগ করার চেষ্টা করছেন।