SIR-প্রক্রিয়ার প্রথম ধাপ শেষ হতে আর মাত্র ১০ দিন বাকি, খসড়া তালিকা প্রকাশের পর কী করবেন?

ভোটার তালিকায় নাম সংশোধন বা বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া SIR (Special Integrated Revision) এখন শেষ পর্বে। প্রথম ধাপ, অর্থাৎ এনুমারেশন ফর্ম ফিলআপ করে জমা দেওয়ার শেষ দিন আগামী ৪ ডিসেম্বর, হাতে সময় আর মাত্র ১০ দিন। এই সময়সীমার মধ্যে যারা ফর্ম জমা দিতে পারবেন না, তাদের জন্য অপেক্ষা করছে বড়ো ধাক্কা।
এরপরই সকলের নজর থাকবে আগামী ৯ ডিসেম্বর প্রকাশিত হতে চলা SIR-এর প্রথম খসড়া তালিকার দিকে। এই তালিকা প্রকাশের পরই শুরু হবে আসল সংশোধনী পর্ব। তবে তার আগে জেনে নিন, ঠিক কাদের নাম এই তালিকা থেকে বাদ যেতে পারে এবং শুনানিতে কাদের ডাক পড়তে পারে।
তালিকা থেকে বাদ যেতে পারে কাদের নাম?
SIR প্রক্রিয়ায় তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রধান কারণগুলি চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। এই কারণগুলির মধ্যে আপনার নাম থাকলে ৯ ডিসেম্বরের খসড়া তালিকায় আপনি নাও থাকতে পারেন:
ফর্ম জমা না দেওয়া: ৪ ডিসেম্বরের মধ্যে যারা এনুমারেশন ফর্ম ফিলআপ করে জমা দেবেন না, তাদের নাম সরাসরি খসড়া তালিকা থেকে বাদ যাবে।
মৃত ভোটার: মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে।
ঠিকানায় অনুপস্থিতি: এনুমারেশন ফর্ম পৌঁছনোর সময় যারা বাড়ি বাড়ি গিয়েও কোনও নির্দিষ্ট ঠিকানায় ভোটারদের খুঁজে পাননি, তাদের নাম খসড়া তালিকায় থাকবে না।
ডাবল এন্ট্রি: যদি একই ভোটারের নাম দুটি আলাদা বুথ বা দুটি কেন্দ্রে পাওয়া যায় (ডাবল এন্ট্রি), তবে সেই ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়বে।
সতর্কতা: ফর্ম ঠিকভাবে জমা করলেই খসড়া তালিকায় আপনার নাম অন্তর্ভুক্ত হবে।
শুনানিতে ডাক পড়লে কী করবেন?
খসড়া তালিকা প্রকাশের পর যাদের নাম বাদ যাবে বা যাদের তথ্যে অমিল থাকবে, তাদের শুনানিতে ডাকা হবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই ৩টি কারণে শুনানিতে আপনাকে হাজিরা দিতে হতে পারে:
১. SIR ম্যাপিংয়ে অমিল: শেষ SIR ম্যাপিংয়ের তথ্যের সঙ্গে আপনার বর্তমান তথ্যের অমিল থাকলে শুনানিতে ডাক পড়বে। ২. ২০০২ সালের তালিকায় অমিল: ২০০২ সালের ভোটার তালিকায় নিজের নাম, বাবা-মা বা অন্য কোনও আত্মীয়ের নামের তথ্যে অমিল ধরা পড়লেও শুনানিতে ডাকা হবে। ৩. ফর্মের তথ্যের সঙ্গে কমিশনের তথ্যের অমিল: আপনি এনুমারেশন ফর্মে যে তথ্য দিয়েছেন, তার সঙ্গে নির্বাচন কমিশনের ডেটাবেসে থাকা তথ্যের যদি কোনও গুরুতর অমিল হয়, তবে আপনাকে শুনানিতে উপস্থিত হতে হবে।
সময়সীমা পার হওয়ার আগেই দ্রুত আপনার এনুমারেশন ফর্ম জমা দিন এবং ৯ ডিসেম্বরের খসড়া তালিকার জন্য প্রস্তুত থাকুন।