ISL-এর ফাইনাল হারার হতাশা অতীত! সুনীল ছেত্রীর শট বাঁচিয়ে ‘ফুরফুরে’ মেজাজে গুুরপ্রীত, সামনে কঠিন চ্যালেঞ্জ!

গত ফুটবল সিজনে বেঙ্গালুরু এফসি-র জার্সিতে প্রত্যাশিত পারফরম্যান্স দিতে পারেননি ভারতীয় ফুটবলের অন্যতম নির্ভরযোগ্য গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু। আইএসএল ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের কাছে দলের পরাজয় স্বাভাবিকভাবেই হতাশা সৃষ্টি করেছিল। কিন্তু সেই হতাশা কাটিয়ে খুব শীঘ্রই ঘুরে দাঁড়িয়েছেন এই তারকা গোলরক্ষক।
নেশনস কাপে অনবদ্য প্রত্যাবর্তন
জাতীয় দলের হয়ে গত নেশনস কাপ (Nations Cup) থেকেই গুরপ্রীত অনবদ্য ছন্দে ধরা দেন। তাঁর দুর্দান্ত দক্ষতার কারণেই শক্তিশালী তাজিকিস্তানের বিরুদ্ধে সহজে জয় পেয়েছিল ভারত। এরপর এশিয়ার অন্যতম শক্তিশালী দল ইরানের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করে খালিদ জামিলের ছেলেরা।
তবে তাঁর ক্যারিশমা সবচেয়ে বেশি দেখা যায় দুর্বল আফগানিস্তানের বিপক্ষে অমীমাংসিত ফলাফলের পর। শেষ পর্যন্ত টাইব্রেকারে ওমানকে হারিয়ে যখন ভারত ব্রোঞ্জ জয় করে, তখন গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল গুরপ্রীত সিং সান্ধুর। তাঁর দক্ষ হাতেই শেষ পর্যন্ত আটকে গিয়েছিল ওমান। এই ব্রোঞ্জ জয় ভারতীয় ফুটবলের জন্য এক বিরাট বড় পাওনা।
কোচ খালিদ জামিলের প্রস্তুতি শিবির
সামনে এখন আরও কঠিন লড়াই—এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার রাউন্ড (AFC Asian Cup Qualifiers)। কাজটা যে একেবারেই সহজ নয়, তা ভালো করেই জানেন ভারতীয় দলের কোচ খালিদ জামিল। তাই তিনি বেশ কয়েকদিন আগে থেকেই বেঙ্গালুরুর বুকে প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছেন।
এদিন নিজের সোশ্যাল সাইটে একটি অনুশীলনের ভিডিও আপলোড করেছেন গুরপ্রীত সিং সান্ধু। সেখানে দেখা যায়, দলের আইকন সুনীল ছেত্রী গোলে শট নিচ্ছেন এবং তিন কাঠির প্রহরী হিসেবে রয়েছেন সান্ধু। যথেষ্ট ফুরফুরে মেজাজে চলছে এই অনুশীলন। দলের সকল ফুটবলারদের প্রধান লক্ষ্য, আসন্ন সিঙ্গাপুর ম্যাচে সেই ধারাবাহিকতা বজায় রেখে জয় ছিনিয়ে আনা।