FASTag নিয়মে বিরাট পরিবর্তন! আর প্রতি বছর করতে হবে না নবীকরণ, কাদের জন্য এই বড় সুবিধা?

টোল প্লাজায় যাতায়াত আরও সহজ, স্বচ্ছ এবং সাধারণ মানুষের উপযোগী করতে ফাস্টট্যাগ (FASTag) ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার। আজ, ২ অক্টোবর, ২০২৬ থেকে সারা দেশজুড়ে কার্যকর হয়ে গেল এই নতুন নিয়ম। বিশেষ করে দেশের বিশেষভাবে সক্ষম (Divyangjan/PwD) নাগরিকদের কথা মাথায় রেখে এক্সেম্পটেড ফাস্টট্যাগ (Exempted FASTag) ইস্যু এবং তার নবীকরণের নিয়মে এই সংশোধন আনা হয়েছে।

নিয়মে ঠিক কী পরিবর্তন এল?

কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের জন্য বিশেষভাবে নির্মিত এবং ‘Divyangjan’ মালিকানায় নথিভুক্ত গাড়িগুলির ক্ষেত্রে বৈধ ডিসেবিলিটি সার্টিফিকেট (Disability Certificate), ইউডিআইডি কার্ড (UDID Card) কিংবা সংশ্লিষ্ট নথিতে উল্লেখ থাকা প্রতিবন্ধকতার শতাংশের ভিত্তিতে এই বিশেষ ফাস্টট্যাগ প্রদান করা হবে।

সবচেয়ে বড় স্বস্তির বিষয় হলো, এতদিন এই বিশেষ ফাস্টট্যাগ প্রতি বছর নিয়ম করে নবীকরণ (Renewal) করতে হতো, যার জেরে বেশ কিছু ঝক্ক পোহাতে হতো। তবে নতুন নিয়মে সেই বাৎসরিক রিনিউ করার ঝামেলা চিরতরে তুলে দেওয়া হয়েছে। এর ফলে উপকৃত হবেন বহু মানুষ। টোল সংক্রান্ত প্রক্রিয়াকে আরও বেশি নাগরিকবান্ধব করে তুলতেই কেন্দ্রের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।