ATM-থেকে টাকা তোলায় বড় ধাক্কা! বিনামূল্যে কতবার করা যাবে ব্যবহার? জানুন নতুন নিয়ম

দেশজুড়ে এটিএমের ব্যবহার যখন ক্রমশ কমছে এবং সাধারণ মানুষ মূলত ইউপিআই (UPI)-এর ওপর ভরসা করে ক্যাশলেস লেনদেন সারছেন, ঠিক তখনই এটিএম সংক্রান্ত নিয়মে বড় ধরনের পরিবর্তন আনল কানারা ব্যাঙ্ক। ডিজিটাল লেনদেনের জমানায় এবার এটিএম থেকে টাকা তোলা এবং অন্যান্য পরিষেবার ক্ষেত্রে চার্জ বাড়ানোর সিদ্ধান্ত নিল এই সরকারি ব্যাঙ্ক। ১ সেপ্টেম্বর ২০২৬ থেকেই সারা দেশজুড়ে এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে।

বিনামূল্যে লেনদেনের সীমা কমল

কানারা ব্যাঙ্কের এটিএম থেকে এতদিন গ্রাহকরা প্রতি মাসে বিনামূল্যে মোট ৬ বার টাকা তোলার সুযোগ পেতেন। কিন্তু নতুন নির্দেশিকা অনুযায়ী, সেই মাসিক ফ্রি লিমিট কমিয়ে ৫ বার করা হয়েছে। কার্ড পাঞ্চিংয়ের মাধ্যমে টাকা তোলা কিংবা ব্যালেন্স চেক করার ক্ষেত্রেও এই নতুন নিয়ম প্রযোজ্য হবে।

কত টাকা কাটা হবে অতিরিক্ত লেনদেনে?

বিনামূল্যে নির্ধারিত ৫ বার লেনদেনের সীমা পেরিয়ে যাওয়ার পর যদি কোনো গ্রাহক পুনরায় কানারা ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলেন, তবে প্রতি লেনদেনের জন্য জিএসটি (GST) সহ ২৩ টাকা করে চার্জ কাটা হবে। এর আগে এই চার্জের পরিমাণ ছিল ২০ টাকা। এছাড়া, টাকা না তুলে শুধুমাত্র মেশিনে কার্ড পাঞ্চ করে ব্যালেন্স দেখা বা অন্য কোনো আর্থিক পরিষেবা নিলে, ফ্রি লিমিট শেষ হওয়ার পর ৫ টাকা চার্জ ধার্য করা হবে।

অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ অর্থ বা ফান্ড না থাকার কারণে এটিএম লেনদেন ব্যর্থ (Declined) হলে সেই সংক্রান্ত চার্জের পরিমাণও বাড়িয়েছে ব্যাঙ্ক। তবে এর পাশাপাশি কিছু ক্ষেত্রে কিছুটা স্বস্তিও দেওয়া হয়েছে। যেমন— স্ট্যান্ডার্ড, প্ল্যাটিনাম, বিজনেস, সিলেক্ট এবং ওয়ার্ল্ড কার্ডের মতো বিভিন্ন প্রিমিয়াম ভ্যারিয়েন্টের ক্ষেত্রে ফ্রি লিমিট শেষের পর গ্রিন পিন (Green PIN) জেনারেশনের চার্জ ২৩ টাকা থেকে কমিয়ে মাত্র ৫ টাকা করা হয়েছে।