৬ লক্ষাধিক কৃষকের অ্যাকাউন্টে ঢুকছে ৩৩৭ কোটি টাকা! বিরাট উপহার দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী
আজ, ২৪ সেপ্টেম্বর, মধ্যপ্রদেশের ধান উৎপাদনকারী কৃষকদের জন্য এক বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব। বালাঘাট জেলার কাটঙ্গি থেকে তিনি রাজ্য স্তরের এক অনুষ্ঠানে অংশগ্রহণ করে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ৩৩৭ কোটি টাকার বোনাস ট্রান্সফার করলেন। এই ঘোষণার ফলে প্রায় ৬.৬৯ লক্ষ কৃষক লাভবান হবেন।
মুখ্যমন্ত্রী মোহন যাদব আগে ঘোষণা করেছিলেন যে, সরকার নির্ধারিত ন্যূনতম সমর্থন মূল্যে ধান বিক্রি করা কৃষকদের প্রতি হেক্টর জমিতে ৪,০০০ টাকা করে বোনাস দেওয়া হবে। এই ঘোষণার বাস্তবায়ন করতে আজ কৃষকদের অ্যাকাউন্টে মোট ৩৩৭ কোটি ১২ লক্ষ টাকা পাঠানো হয়েছে।
এই অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী শুধু কৃষকদেরই সুবিধা দেননি, একই সঙ্গে ৪,৩১৫ জন যুবক-যুবতীকে নিয়োগপত্র প্রদান করেন। এছাড়া, তিনি বালাঘাট জেলায় ২৪৪ কোটি টাকা ব্যয়ে মোট ৭৫টি নির্মাণ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মুখ্যমন্ত্রী জানান, এই পদক্ষেপগুলি রাজ্যজুড়ে উন্নয়ন এবং কর্মসংস্থান বাড়াতে সাহায্য করবে।