‘৬ মাসের শিশু কি এক গামলা দুধ খাবে!’-পার্ক স্ট্রিট বিতর্ক নিয়ে কড়া জবাব দিলেন অগ্নিমিত্রা

শহরজুড়ে নানা অনিয়ম হাতেনাতে ধরতে দিনভর পরিদর্শনে বেরিয়েছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেই মতো শনিবার তিনি গিয়েছিলেন কলকাতার ব্যস্ততম এলাকা পার্ক স্ট্রিটে। আর সেখানেই বাঁধে বিপত্তি। ফুটপাতের ওপর এক মহিলাকে নিজের শিশুর জন্য দুধ গরম করতে দেখে মেজাজ হারান অগ্নিশর্মা মন্ত্রী। কেন তারা ফুটপাতে সংসার পেতে বসেছেন এবং কেন বাড়িতে থাকেন না, এই মর্মে একাধিক প্রশ্ন তুলে ওই মহিলাকে তিরস্কার করেন তিনি। শুধু তাই নয়, ফুটপাতের রেলিংয়ে শিশুর জামাকাপড় ঝুলতে দেখে নিজে হাতে সেগুলি সরিয়েও দেন অগ্নিমিত্রা। এই সম্পূর্ণ ঘটনার একটি ভিডিও তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, যেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘মজা পেয়েছেন নাকি!’
ফুটপাত দখলমুক্ত করার সরকারি প্রচেষ্টার অংশ হিসেবে এই অভিযান চালানো হলেও, শিশুর দুধ গরম করার মতো একটি মানবিক বিষয়ে মন্ত্রীর এহেন কড়া আপত্তি এবং আক্রমণাত্মক আচরণ নিয়ে ইতিমধ্যেই বিরোধী শিবির তীব্র সমালোচনায় মুখর হয়েছে। বিরোধীদের একাংশের মতে, মন্ত্রীর এই আচরণে বিচক্ষণতার চরম অভাব রয়েছে। রাজ্যের শাসক দলের অন্দরে যখন দলের নেতা-কর্মীদের আরও নম্র ও বিনয়ী হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, তখন মন্ত্রিসভার একজন দায়িত্বপ্রাপ্ত সদস্যের এই ধরণের মেজাজ হারানো একেবারেই ভালো বার্তা দিচ্ছে না। সব মিলিয়ে রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে চরম শোরগোল।
তবে বিরোধীদের পক্ষ থেকে লাগাতার সমালোচনার ঝড় উঠলেও নিজের অবস্থানে অনড় রয়েছেন পুর ও মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সমালোচকদের উদ্দেশ্যে তাঁর স্পষ্ট বক্তব্য, এই পুরো বিষয়টিকে নিয়ে বিরোধীরা স্রেফ রাজনীতির রুটি সেঁকতে ব্যস্ত। নিজের আচরণের সপক্ষে সাফাই গাইতে গিয়ে তিনি বেআইনিভাবে ফুটপাত দখলের গুরুতর সমস্যাটিকে ফের সামনে নিয়ে আসেন। তিনি প্রশ্ন তোলেন, ‘ছয় মাসের শিশু তো আর এক গামলা দুধ খাবে না! এমন একটি ব্যস্ত রাস্তার পাশে ছয় মাসের শিশু হামাগুড়ি দিচ্ছে, স্টোভে দুধ জ্বাল দেওয়া হচ্ছে, এর ফলে কোনো বড় বিপদ ঘটে গেলে তার দায় কে নেবে?’
ধুলোময়লার মধ্যে আকাশের নিচে দুধ গরম করে শিশুকে খাওয়ালে তার স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি আরও যোগ করেন, সংশ্লিষ্ট পরিবারটির বাড়ি ধাপায়, ফলে প্রশ্ন ওঠে যে ধাপা থেকে তাদের কেন পার্ক স্ট্রিটে এসে দুধ গরম করতে হবে। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ রয়েছে যে ফুটপাত শুধুমাত্র পথচারীদের চলাচলের জন্যই নির্ধারিত। মন্ত্রী আরও বলেন, ‘দুধ কেন, সেখানে খিচুড়ি বা পকোড়া রান্না হলেও আমি একই কথা বলতাম। ফুটপাতে এই ধরনের বেআইনি কাজ একেবারেই বরদাস্ত করা হবে না।’ তাঁর দাবি, তিনি ভালো কাজ করতে চাইছেন বলেই বিরোধীরা তাতে বাধা সৃষ্টি করছে। কোনো দুর্ঘটনা ঘটলে তখন এই বিরোধী দলগুলিই সরকারের বিরুদ্ধে সুর চড়াবে এবং তুলোধনা করবে। সব মিলিয়ে পার্ক স্ট্রিটের এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি এখন উত্তপ্ত।