৫ দিন আগের রক্তের বদলা নিলেন জওয়ানরা! কুলগামে ভয়াবহ বন্দুকযুদ্ধে খতম লতিফ ভাট

সিআরপিএফ জওয়ানদের ওপর হামলার কঠোর বদলা নিল ভারতীয় নিরাপত্তা বাহিনী। জম্মু ও কাশ্মীরের কুলগামে সেনাবাহিনীর তীব্র এনকাউন্টারে খতম হয়েছে দুই সশস্ত্র জঙ্গি। নিহতদের মধ্যে রয়েছে গত কয়েকদিন আগে ঘটে যাওয়া কুলগাম হামলার মূল মাস্টারমাইন্ড তথা মোস্ট ওয়ান্টেড জঙ্গি লতিফ ভাট। অপর এক জঙ্গির পরিচয় শনাক্ত করার কাজ চলছে। গত ১১ নভেম্বর সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করে চলা সেই হামলার পর থেকেই গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছিল যৌথ বাহিনী। অবশেষে সোমবার এল সেই কাঙ্ক্ষিত সাফল্য।

কীভাবে চলল অভিযান? সেনাসূত্র জানিয়েছে, এদিন কুলগামের লারু এলাকায় একটি সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেনা জওয়ানরা এলাকা ঘিরে ফেলতেই আত্মগোপন করে থাকা জঙ্গিরা তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। বিন্দুমাত্র সময় নষ্ট না করে পালটা জবাব দেয় বাহিনীও। দুই পক্ষের তুমুল বন্দুকযুদ্ধের জেরে শেষ পর্যন্ত নিকেশ হয় ওই দুই জঙ্গি।

উল্লেখ্য, ডিজিপি নলিন প্রভাত এবং কাশ্মীর রেঞ্জের আইজিপি সুজিত কুমার সিংয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই অপারেশন চালিত হয়। জঙ্গি উপস্থিতির খবর পাওয়ামাত্রই ওই এলাকার সমস্ত এন্ট্রি ও এক্সিট পয়েন্ট সিল করে দিয়ে সাঁড়াশি অভিযান শুরু করেছিল যৌথ বাহিনী।

১১ নভেম্বরের সেই হামলার পটভূমি: গত বুধবার জম্মু ও কাশ্মীরের কুলগামে মর্মান্তিক জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। শ্রীনগর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক থেকে মাত্র এক কিলোমিটার দূরে মীরবাজারের কাছে একটি সিআরপিএফ চেকপোস্টে হামলা চালায় জঙ্গিরা। ঘন গাছপালার আড়াল থেকে অতর্কিতে গুলি চালায় দুই সশস্ত্র জঙ্গি।

হামলার পর তারা নওপুরের দিকে পালিয়ে যায় এবং জঙ্গলঘেরা এলাকায় আত্মগোপন করে। এই হামলায় তিন সিআরপিএফ জওয়ান আহত হয়েছিলেন। জওয়ানদের ওপর সেই হামলার প্রতিশোধ নিতেই গোয়েন্দা সূত্রের তথ্যের ভিত্তিতে এই সফল অভিযান চালাল ভারতীয় সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশ।