“BJP-র লোকেরাই চালাচ্ছে হাতিয়ার!”-বনগাঁর মঞ্চ থেকে বিস্ফোরক দাবি শান্তনু ঠাকুরের

রাজ্য বিজেপির অন্দরে ক্রমেই চওড়া হচ্ছে কোন্দলের ফাটল। বিধায়ক রত্না দেবনাথের পর এ বার দলীয় নেতৃত্ব এবং প্রশাসনের বিরুদ্ধে সরাসরি ক্ষোভ উগরে দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। পানিহাটিতে বিজেপি নেত্রী রুমা সাহার স্বামী অরূপ সাহার মৃত্যুকে কেন্দ্র করে বিধায়ক রত্না দেবনাথ আগেই বিস্ফোরক মন্তব্য করেছিলেন যে, পরিস্থিতি দেখে মনে হচ্ছে রাজ্যে বিজেপি ক্ষমতায় না এলেই ভালো হতো! এ বার বনগাঁর মঞ্চ থেকেও দলের একাংশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করলেন শান্তনু ঠাকুর। তাঁর সাফ কথা, “যারা মার খাচ্ছে তারা বিজেপি, যারা মারছে, তারাও বিজেপি।”

প্রশাসন ‘ডিভাইড অ্যান্ড রুল’ নীতিতে চলছে: শান্তনু ঠাকুর ক্ষমতায় আসার মাত্র সাড়ে ছয় মাসের মধ্যেই রাজ্যের শাসক দলের একাংশের বিরুদ্ধে তোলাবাজি ও তীব্র গোষ্ঠীকোন্দলের অভিযোগ উঠতে শুরু করেছে। স্বপন দাশগুপ্ত ও শমীক ভট্টাচার্যের মতো প্রবীণ নেতারাও অতীতে তোলাবাজি নিয়ে সরব হয়েছেন। আর এ বার সেই অভিযোগের সঙ্গে যুক্ত হলো তীব্র অন্তর্দ্বন্দ্বের সুর।

বনগাঁর নীলদর্পণ অডিটোরিয়ামে আয়োজিত এক মিলন উৎসবের মঞ্চ থেকে সরাসরি দলের একাংশ এবং প্রশাসনকে নিশানা করেন শান্তনু ঠাকুর। তিনি স্পষ্ট ভাষায় অভিযোগ করেন, প্রশাসন সম্পূর্ণভাবে ‘ডিভাইড অ্যান্ড রুল’ বা ভাগ করো ও শাসন করো নীতিতে চলছে। কিছু নেতার ইশারায় বনগাঁয় একচ্ছত্র রাজত্ব চালানোর চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি।

“যারা মার খাচ্ছে তারা বিজেপি, যারা মারছে তারাও বিজেপি” শান্তনুর ওই মিলনমেলায় মন্ত্রী অশোক কীর্তনিয়ার উপস্থিতি না থাকা নিয়ে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান। তবে ক্ষোভ উগরে দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “যারা মার খাচ্ছে তারা বিজেপি, যারা মারছে তারাও বিজেপি। এটা বন্ধ করা উচিত। এর জন্য সম্পূর্ণভাবে প্রশাসন দায়ী, কারণ প্রশাসন দেখেও দেখছে না। কিছু মানুষের কথা শুনে, কিছু নেতার কথা শুনে প্রশাসন এখানে ‘ডিভাইড অ্যান্ড রুল’ চালাচ্ছে। আমাদের মধ্যে কিছু মানুষ ক্ষমতা ব্যবহার করে বিজেপি কর্মকর্তাদের উপর হাতিয়ার চালাচ্ছেন। আমি বেঁচে থাকতে এটা হতে দেব না।”

বিজেপি জিতলো কেন? আক্ষেপ রত্না দেবনাথের শান্তনু ঠাকুরের এই মন্তব্যের দিনেও পানিহাটির বিধায়ক তথা আরজি করের নির্যাতিতার মা রত্না দেবনাথ দলের গোষ্ঠীকোন্দল নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পানিহাটিতে মৃত অরূপ সাহার স্ত্রী রুমা এবং বিধায়ক রত্না—দু’জনেই এই অশান্তির জন্য ‘নব্য বিজেপি’ অর্থাৎ তৃণমূল থেকে দলবদল করে আসা কর্মীদেরই দায়ী করেছেন। মৃত বিজেপি কর্মীর সন্তানদের কান্না দেখে নিজের মেয়ের কথা স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন রত্না। তিনি আক্ষেপের সুরে বলেন, “এই ফ্যামিলির জন্য আমিই দায়ী। আমার মনে হচ্ছে, বিজেপি যদি না জিতت তাহলেই বোধহয় ভাল হত…”

সবমিলিয়ে, মাত্র কয়েক মাসের ব্যবধানে রাজ্য বিজেপির অন্দরে এই প্রকাশ্য কোন্দল এবং শীর্ষ নেতাদের এহেন বিস্ফোরক মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে।